মোদীকে নিয়ে ট্রাম্পের পুরনো মন্তব্যে শোরগোল, ‘যথাযথ ব্যবস্থা নেবে’ ভারত

| শনিবার , ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ at ১১:৩০ পূর্বাহ্ণ

অনলাইনে নতুন করে ছড়িয়ে পড়া এক ভিডিওতে ‘মোদীর রাজনৈতিক ক্যারিয়ার শেষ করতে চাই না’ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন মন্তব্য নিয়ে প্রশ্নের মুখে পড়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। বৃহস্পতিবার সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের জানান, যে ভিডিও নিয়ে কথা হচ্ছে সেটা এখনও তার চোখে পড়েনি। খবর বিডিনিউজের।

আমি এখনও ভিডিওটি দেখিনি। যদি সত্যিই এমন ভিডিও থেকে থাকে, সেটা সত্যি হোক বা ভুয়া, আমরা যথাযথ ব্যবস্থা নেবো, প্রশ্নের জবাবে তিনি এসব বলেন বলে জানিয়েছে এনডিটিভি। যে ভিডিওটি নিয়ে এত আলোচনা, সেটি গত বছরের অক্টোবরের বলে জানিয়েছে ভারতের একাধিক গণমাধ্যম। সেসময় মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের পরিচালকের সঙ্গে এক সংবাদ সম্মেলনে আসেন ট্রাম্প। সেখানে তিনি ভারতের প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করে বলেন, তিনি চমৎকার মানুষ। (নরেন্দ্র) মোদী অসাধারণ মানুষ, তিনি ট্রাম্পকে পছন্দ করেন। আমি জানি না ‘পছন্দ’ শব্দটা ঠিক হল কিনা, আমি চাই না আপনারা এটাকে অন্যভাবে নেন। আমি তার রাজনৈতিক ক্যারিয়ার শেষ করতে চাই না, তবে আপনাদের বুঝতে হবে, আমি অনেক বছর ধরে ভারতকে দেখছি। আমার বন্ধু সেখানে লম্বা সময় ধরে (ক্ষমতায়) আছে, ভিডিওতে ট্রাম্পকে এমনটাই বলতে শোনা যায়। মার্কিন প্রেসিডেন্টের এ মন্তব্য নিয়েই জয়সওয়ালের প্রত্যুত্তর শুনতে চান সাংবাদিকরা। তখন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এ মুখপাত্র ‘যথাযথ ব্যবস্থা নেওয়ার’ আশ্বাস দেন। এদিন রাশিয়ার সঙ্গে ভারতের বাণিজ্য ও দ্বিপাক্ষিক সম্পর্ক বিষয়েও তাকে প্রশ্ন করা হয়।

পূর্ববর্তী নিবন্ধভালোবাসা দিবসে আমারও পরাণ যাহা চায়
পরবর্তী নিবন্ধসুদানে নীলনদে নৌকাডুবিতে অন্তত ২১ জনের প্রাণহানি