মোটরসাইকেলের ট্যাংকে ৮৫ লাখ টাকার ইয়াবা

আজাদী প্রতিবেদন | সোমবার , ২৯ নভেম্বর, ২০২১ at ৮:২৩ পূর্বাহ্ণ

র‌্যাব-৭, চট্টগ্রামের একটি অভিযান টিম গোপন সংবাদের ভিত্তিতে গতকাল কর্ণফুলী থানার শিকলবাহা এলাকায় একটি মোটরসাইকেল আটক করে এবং সেটির ট্যাংক থেকে ২৮ হাজার ১২০ পিস ইয়াবা উদ্ধার করে। এসময় মোটরসাইকেল চালক আনোয়ার হোসেন (২৯) কে গ্রেপ্তার করা হয়।
র‌্যাব-৭ এর মিডিয়া অফিসার ফ্লাইট লেফটেনেন্ট নিয়াজ মোহাম্মদ চপল জানান, মোটরসাইকেল যোগে ইয়াবা আসার সংবাদ পেয়ে শিকলবাহা এলাকায় একটি চেকপোস্ট বসায় র‌্যাব। সকালে নয়টা ৫০ মিনিটের দিকে র‌্যাবের চেকপোস্টের দিকে আসা একটি মোটরসাইকেলের গতিবিধি সন্দেহজনক মনে হলে র‌্যাব সদস্যরা মোটরসাইকেলটি থামানোর সংকেত দেন। মোটরসাইকেল চালক না থামিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‌্যাব সদস্যরা ধাওয়া করে আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করে ও তার মোটরসাইকেলের ট্যাংকের ভেতর বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় সাত চল্লিশটি প্লাস্টিকের বোতল থেকে ২৮ হাজার ১২০ পিস ইয়াবা উদ্ধার করে। যার মূল্য ৮৫ লক্ষ টাকা।

পূর্ববর্তী নিবন্ধচমেকে মারামারির মামলা জামিন পেলেন দুই ছাত্রলীগ কর্মী
পরবর্তী নিবন্ধচকবাজার ও শুলকবহর ওয়ার্ডের দুই ইউনিটে আওয়ামী লীগের সম্মেলন