দেশের মহাসড়কগুলোতে বর্তমানে সবচেয়ে বড় আতঙ্কের নাম মোটরচালিত রিকশা। আধুনিক সড়ক ব্যবস্থাপনায় দ্রুতগতির লেনে ছোট যানবাহন চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ থাকলেও বাস্তবে তার প্রতিফলন দেখা যাচ্ছে না। সরকারি নিষেধাজ্ঞা থাকলেও মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে এসব রিকশার ভিড় দেখা যায়। মহাসড়কে এই ছোট যানগুলো যখন অনিয়ন্ত্রিত গতিতে চলে, তখন বড় যানবাহনের চালকরা বিভ্রান্তিতে পড়েন। বিশেষ করে বেপরোয়া গতিতে মোড় নেওয়া এবং নিয়ম না মেনে লেন পরিবর্তন করা এসব রিকশার নিয়মিত চিত্র। এই রিকশাগুলোর কারণে মহাসড়কের স্বাভাবিক গতি ব্যাহত হয়, যা পেছন থেকে আসা দ্রুতগামী যানবাহনের সাথে সংঘর্ষের ঝুঁকি বাড়িয়ে দেয়। ফলে সামান্য অঘটন ঘটলেই বড় ধরনের প্রাণহানি ঘটে। এটি রোধ করতে হলে নিয়মিত তদারকি এবং জরিমানা বিধান কার্যকর করতে হবে, পাশাপাশি সাধারণ যাত্রীদেরও এসব ঝুঁকিপূর্ণ বাহনে মহাসড়ক পাড়ি দেওয়া থেকে বিরত থাকতে হবে। মহাসড়ক হোক কেবল দ্রুতগতির যানবাহনের জন্য; আর রিকশার মতো ছোট বাহনগুলো চলুক তাদের জন্য নির্ধারিত সুনির্দিষ্ট সীমানায়।
আশিক বিন আলম সোহাগ,
শিক্ষার্থী, সমাজবিজ্ঞান বিভাগ, চট্টগ্রাম কলেজ।












