সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনকে আহ্বায়ক করে বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে চট্টগ্রাম মহানগরীর সকল খাল ও পানি নিষ্কাশন নালাসমূহ সারা বছর সচল রাখাসহ বিভিন্ন উন্নয়ন ও সেবামূলক কাজের সমন্বয়ের জন্য ১৯ সদস্যের একটি কমিটি গঠন করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। গতকাল বৃহস্পতিবার এ কমিটি গঠন করে অফিস আদেশ জারি করে মন্ত্রণালয়। এদিন সকালে টাইগারপাসস্থ নগর ভবনের অস্থায়ী কার্যালয়ে সিটি মেয়রকে কমিটির চিঠি হস্তান্তর করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এদিকে স্থানীয় সরকার বিভাগের উপসচিব আশফিকুন নাহারের সই করা কমিটির জন্য ৬টি কার্যপরিধি নির্ধারণ করা হয়। এগুলো হচ্ছে– এই কমিটি চট্টগ্রাম মহানগরীর সকল খাল ও পানি নিষ্কাশন নালাসমূহ সারা বছর সচল রাখাসহ বিভিন্ন উন্নয়ন ও সেবামূলক কাজের সমন্বয় সাধন করবেন। মহানগরীর জলাবদ্ধতাসহ জনস্বার্থে জনগুরুত্বপূর্ণ অন্যান্য কাজের সমন্বয় সাধন করবেন। গঠিত কমিটি প্রয়োজনে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন উন্নয়নমূলক ও সেবামূলক কাজের দ্রুত প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন তদারকি করবেন। কমিটি প্রয়োজনে সময়ে সময়ে সভা আহ্বানপূর্বক উন্নয়নমূলক ও সেবামূলক কাজের অগ্রগতি তদারকি ও সমন্বয় করবে। চট্টগ্রাম মহানগরীর জনস্বার্থে যে কোনো বিষয় সময়ে সময়ে সরকারকে সুপারিশ করবে এবং প্রয়োজনে কমিটি বিভিন্ন দপ্তর বা সংস্থার সদস্যকে কো–অপ্ট করতে পারবেন।
এর আগে নগরের জলাবদ্ধতা সমস্যা নিয়ে বুধবার দিবাগত রাতে টাইগারপাসস্থ নগর ভবনের অস্থায়ী কার্যালয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এর উপস্থিতিতে একটি সভা হয়। সেখানে নগরের জলাবদ্ধতাসহ বিভিন্ন সমস্যা সমাধানে সেবাসংস্থার সমন্বয়ে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। এর প্রেক্ষিতে গতকাল কমিটি গঠন করা হয়।
কমিটিতে কারা আছেন : কমিটির সদস্য সচিব হিসেবে থাকবেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা। এছাড়া কমিটির সদস্যরা হচ্ছেন–সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগ্রেডের বিগ্রেড কমান্ডার, চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন), চট্টগ্রাম জেলা প্রশাসক, স্থানীয় সরকার বিভাগের সিটি কর্পোরেশন–১ শাখার উপচসিব, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক), চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল), সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা, বন্দর কর্তৃপক্ষের চিফ হাইড্রোগ্রাফার, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী, সিডিএর জলাবদ্ধতা নিরসন প্রকল্পের পরিচালক, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক, পানি উন্নয়ন বোর্ডের বন্যা নিয়ন্ত্রণ ও নিষ্কাশন উন্নয়ন প্রকল্পের পরিচালক এবং সিটি কর্পোরেশনের খাল ও জলাবদ্ধতা বিশেষজ্ঞ শাহরিয়ার খালেদ।














