মেক্সিকোর শীর্ষ মাদক কারবারি নিহতের পর প্রতিশোধমূলক হামলা

| মঙ্গলবার , ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ at ৯:৩৩ পূর্বাহ্ণ

 

মেক্সিকোর ভয়ঙ্কর জালিস্কো নিউ জেনারেশন (সিজেএনজি) মাদক চক্রের হোতা, এল মেনচো নামে পরিচিত নেমিসিও অসিগুয়েরা স্যাভাতেস সামরিক অভিযানে নিহত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে তার সমর্থক বলে সন্দেহ করা বন্দুকধারীরা বেশ কয়েকটি রাজ্যের মহাসড়কগুলো অবরোধ করে, যানবাহন ও ব্যবসা প্রতিষ্ঠানে আগুন ধরিয়ে দেয়। খবর বিডিনিউজের।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রোববার তাকে গ্রেপ্তারের লক্ষ্যে পরিচালিত নিরাপত্তা অভিযানে মোস্ট ওয়ান্টেড ওই ব্যক্তি নিহত হন। তার সমর্থক ও সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষে গুরুতর আহত হওয়ার পর তার মৃত্যু হয়। অভিযানে মধ্যপশ্চিমাঞ্চলীয় জালিস্কো রাজ্যের তাপালপা শহরে সিজেএনজি’র চার সদস্য নিহত হয়েছে। তিন সেনাসদস্যও আহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের তথ্যে মেক্সিকো এ অভিযান পরিচালনা করেছে।

এরপর থেকে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাতে কিছু শহর পর্যটকদের ও বাসিন্দাদের বাইরে বের না হয়ে ঘরের ভেতরে থাকার আহ্বান জানিয়েছে। রোববার এয়ার কানাডা, ইউনাইটেড এয়ারলাইন্স ও অ্যারোমেক্সিকোসহ বেশ কয়েকটি এয়ারলাইন্স জালিস্কো রাজ্যের সমুদ্রতীরবর্তী অবকাশকালীন শহর পুয়ের্তো ভাইয়ার্তাগামী ফ্লাইটগুলো বাতিল করে। শহরটির বিস্মিত পর্যটকরা বিভিন্ন স্থানে লাগানো আগুন থেকে ওঠা ধোঁয়ার ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন। রয়টার্স জানিয়েছে, ইতোমধ্যে মেক্সিকোর ছয়টিরও বেশি রাজ্যে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়েছে। সিজেএনজি মাদক চক্রের এক সদস্য রয়টার্সকে জানিয়েছেন, অসিগুয়েরার হত্যার প্রতিশোধ হিসেবে এসব আগুন ও বিক্ষিপ্ত গুলিবর্ষণ চালানো হচ্ছে। বিভিন্ন দল এই মাদক চক্রের নিয়ন্ত্রণ নেওয়ার পদক্ষেপ নিচ্ছে জানিয়ে তিনি বলেন, এতে আরও রক্তপাতের ঘটনা ঘটতে পারে। তিনি পরিচয় না প্রকাশ করার শর্তে আরও বলেন, নেতার মৃত্যুর প্রতিশোধ হিসেবে প্রথমত সরকারের বিরুদ্ধে অসন্তোষে এসব হামলা চালানো হচ্ছে। তাপালপা শহর থেকে পাঁচ ঘণ্টার গাড়ি দূরত্বে প্রশান্ত মহাসাগরের উপকূলীয় শহর পুয়ের্তো ভাইয়ার্তার বিস্মিত পর্যটকরা নীল মহাসাগরকে ঢেকে দেওয়া ঘন ধোঁয়ার ভিডিও শেয়ার করেছেন।

এমনিতে শান্ত এই অবকাশকালীন শহরটিজুড়ে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়েছে। প্রতি শীত এখানে কাটানো কানাডীয় পর্যটক দানিয়েল দোলেত ফোনে রয়টার্সকে বলেন, আমি এ ধরনের কোনো কিছু এর আগে দেখিনি। জালিস্কোর কর্তৃপক্ষ জানিয়েছে, বন্দুকধারীরা ন্যাশনাল গার্ড মিলিটারি পুলিশের একটি ঘাঁটিতে হামলা চালিয়েছে। কর্তৃপক্ষ গণপরিবহন বন্ধ রেখেছে আর পর্যটকদের হোটেলেই থাকতে বলেছে। সরকারি নিরাপত্তা বাহিনীর সূত্রে পাওয়া ভিডিওর বরাতে রয়টার্স জানায়, আগুয়াস্কালিয়েন্তেস রাজ্যের একটি আবাসিক এলাকার ভেতর দিয়ে সবুজ রঙের একটি সামরিক ট্যাঙ্ককে এগিয়ে যেতে দেখা গেছে। সড়ক অবরোধের কারণে অত্যন্ত ব্যস্ত মেক্সিকোপুয়েবলা মহাসড়ক স্থবির হয়ে পড়েছে।

কোলিমা রাজ্যে একটি সড়ক অবরোধ করা পিকআপ ট্রাকের ওপর মাদক চক্রের বন্দুকধারী সদস্যদের দাঁড়িয়ে থাকাতে দেখা গেছে। পণ্য পরিবহনে নিযুক্ত একটি শিল্প গোষ্ঠী এক বিবৃতিতে বলেছে, মহাসড়কে চলা সহিংসতার জন্য তারা অত্যন্ত উদ্বিগ্ন। গোষ্ঠীটি ট্রাক চালকদের পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত নিরাপদ এলাকায় থাকার অথবা তাদের টার্মিনালে ফিরে যাওয়ার পরামর্শ দিয়েছে। সিজেএনজির শক্তিকেন্দ্র গুয়ানাহুয়াতো রাজ্য তাদের ২৩টি শহরজুড়ে ৫৫টি সহিংসতার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে। এসব স্থান থেকে ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে রোববার সন্ধ্যার মধ্যে সব সহিংসতা নিয়ন্ত্রণে চলে এসেছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকাশ্মীরের মোস্ট ওয়ান্টেড জইশ জঙ্গি অবশেষে নিহত
পরবর্তী নিবন্ধশুল্ক বাড়লে মানব না