মানব জীবন শুধু বেঁচে থাকার নাম নয়, এটি একটি ধারাবাহিক জীবন যাত্রা – যা নিজেকে জানার, বুঝার এবং পরিপূর্ণ করে তোলার। জীবন তখনই যথার্থ হয় যখন মানুষ নিজের মধ্যে মূল্যবোধের আলো জ্বালিয়ে নিজের আত্মসত্তাকে চিনতে শেখে। মূল্যবোধ মানে কিছু আদর্শ বা নীতিমালা যা জীবনকে সঠিক পথে পরিচালিত করে। সততা, ভালোবাসা, সহনশীলতা, ন্যায়বোধ এসব গুণ মানবিক সত্তাকে জাগ্রত করে। একজন মানুষ যতই জ্ঞানী বা ধনী হোক না কেন, যদি তার মধ্যে নৈতিক মূল্যবোধ না থাকে তবে তার জীবনের পূর্ণতা থাকতে পারে না। মূল্যবোধ হল সত্য পথের দিশারী, যা ভুল পথে যাওয়া থেকে বিরত রাখে। আত্ম উপলব্ধি মানে নিজের আসল সত্তাকে চিনে নেওয়া। ‘আমি কে? ‘এই উপলব্ধি কোন বইতে পাওয়া যায় না। এটি আসে অন্তর –চিন্তা ও আত্ম পর্যালোচনার মাধ্যমে। যেই মুহূর্তে মানুষ বুঝতে পারে তার মধ্যে এক অমর আত্মা বিদ্যমান, যে দুঃখ–সুখ, হার–জিতের উর্ধ্বে। সেই মুহূর্তে জীবনের অর্থ বদলে যায়। তখন সেই বাহ্যিক জগতে নয় নিজের ভিতরের জগৎটাকে শান্ত ও পবিত্র করার চেষ্টা করে। মূল্যবোধ ছাড়া আত্মোপলব্ধি অসম্ভব। যেমন একটি আয়না পরিষ্কার না থাকলে নিজের মুখ দেখা যায় না ঠিক তেমনি অন্তর যদি স্বার্থ, লোভ, রাগ এইসবে ভরে থাকে তবে আত্মার প্রতিচ্ছবি দেখা যায় না। যে মানুষ ভালোবাসা, সহনশীলতা ও ন্যাযের চর্চা করে তার মন ধীরে ধীরে পরিষ্কার হয়। আর সেই মনেই আত্মার আলোক প্রতিফলিত হয়। আজকের প্রযুক্তি নির্ভর জীবনে মানুষের বাহ্যিক উন্নতি ঘটেছে কিন্তু অন্তরের উন্নতি অনেকাংশে থেমে গেছে। অসম প্রতিযোগিতা ও ভোগের লালসায় মানুষ নিজের আসল পরিচয় ভুলে যাচ্ছে। তবু এখনই সময় একটু থামার, একটু ভেবে দেখার, আমি কি সত্যিই যথার্থ মানুষ না শুধু বাহ্যিক চাকচিক্যের আড়ালে ক্লান্ত, অবসাদগ্রস্ত একজন মানুষ এই প্রশ্ন আমাদের আত্ম উপলব্ধি দরজা খুলে দেয়। জীবনের মূল্যবোধ আমাদের শেখায় কিভাবে বাঁচতে হয়, আর আত্মোপলব্ধি শেখায় কেন বাঁচতে হয়, যে মানুষ এই দুইয়ের সমন্বয় ঘটাতে পারে, সেই যথার্থ মানুষ।













