টেকনাফের হ্নীলার রঙ্গিখালী এলাকায় একটি মুরগির খামার থেকে প্রায় ১৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত প্রায় ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ মডেল থানা পুলিশের একটি দল হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী ৭ নম্বর ওয়ার্ড এলাকার নুরুল হোসাইনের মুরগির খামারে অভিযান চালায়।
অভিযানে খামারের একটি ছোট কক্ষের ভেতরে কাঠের নিচে লুকানো অবস্থায় দুটি বস্তা উদ্ধার করা হয়। পরে বস্তা দুটি খুলে গণনা করে ৫০টি প্যাকেটে প্রায় ৫ লাখ পিস ইয়াবা পাওয়া যায়; যার আনুমানিক বাজার মূল্য ১৫ কোটি টাকা। এ ঘটনার পর খামারের মালিক নুরুল হোসাইন পলাতক রয়েছেন। তিনি একই এলাকার গুরা মিয়ার পুত্র।
টেকনাফ থানার ওসি সাইফুল ইসলাম বলেন, মিয়ানমার থেকে মাদকের একটি বড় চালান দেশে প্রবেশ করেছে–এমন সংবাদের ভিত্তিতেই অভিযান পরিচালনা করা হয়। এ ঘটনায় নুরুল হোসাইনকে পলাতক আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ওসি।














