চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসদরের একটি মুদি দোকান থেকে টিসিবির ২১০ লিটার সয়াবিন তেল উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় মুদি দোকানী মোহাম্মদ ওসমানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল শনিবার সকালে দোহাজারী পৌরসদরে এ অভিযান পরিচালিত হয়।
জানা যায়, সরকারি টিসিবির সয়াবিন তেল মুদি দোকানে থাকার বিষয়টি গোপন সংবাদের ভিত্তিতে অবহিত হওয়ার পর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিমরান মোহাম্মদ সায়েকের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এ সময় দোহাজারী পৌরসভা কার্যালয়ের সামনে আল্লাহর দান বাণিজ্যালয় নামক একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে লেবেলবিহীন ২ লিটারের ১০৫টি সয়াবিন তেলের বোতল উদ্ধার করা হয়। এ ঘটনায় আল্লাহর দান বাণিজ্যালয়ের মালিক মোহাম্মদ ওসমানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট জিমরান মোহাম্মদ সায়েক জানান, মুদি দোকানের মালিক মো. ওসমান টিসিবির এসব সয়াবিন তেল বিভিন্ন জনের কাছ থেকে সংগ্রহ করেছেন বলে স্বীকার করেন। তবে তেলগুলো কোনো ডিলার থেকে সংগ্রহ করা হয়েছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।












