আইপিএল ২০২৬ আসর শুরুর আগেই কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে বাদ পড়ার খবরের পর অনেকটা বিমর্ষ সময় পার করছেন বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমান। রাজনৈতিক টানাপোড়েনের বলি হয়ে আইপিএল থেকে বাদ পড়ার পর নিজের হতাশা চেপে রাখতে পারেননি তিনি। গতকাল দেশের এক সংবাদমাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় সংক্ষিপ্ত অথচ আক্ষেপমাখা কণ্ঠে তিনি বলেন, ‘ছেড়ে দিলে আর কী করার!’ শনিবার বিপিএলে কোনো খেলা না থাকলেও মোস্তাফিজের দিনটি কেটেছে বিষন্নতায়। গত ১৬ ডিসেম্বর আবুধাবিতে অনুষ্ঠিত নিলামে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে তাকে কিনেছিল কলকাতা। কিন্তু বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর সহিংসতার অভিযোগ তুলে ভারতে কিছু উগ্রবাদী গোষ্ঠীর প্রতিবাদের মুখে বিসিসিআই তাকে দল থেকে বাদ দেওয়ার নির্দেশ দেয়। কেকেআর কর্তৃপক্ষ সেই নির্দেশ পালন করে গতকাল আনুষ্ঠানিকভাবে ফিজকে স্কোয়াড থেকে সরিয়ে দিয়েছে। এই অনাকাঙ্খিত সিদ্ধান্ত নিয়ে বিস্তারিত কোনো মন্তব্য করতে না চাইলেও মোস্তাফিজের ওই একটি বাক্যই বুঝিয়ে দিয়েছে তার মনের অবস্থা। আইপিএলে ২০১৬ সাল থেকে খেললেও এবারই ক্যারিয়ারের সর্বোচ্চ মূল্যে দল পেয়েছিলেন তিনি।












