‘পিপলস চয়েস বিভাগে’ শীর্ষ অবস্থানে ওঠানামা করে দৃষ্টি কেড়েছিলেন ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতায় বাংলাদেশের তানজিয়া জামান মিথিলা। চূড়ান্ত পর্বে সেরার মুকুট অধরা থাকলেও সেরা ৩০–এ জায়গা করে নিয়ে বাংলাদেশকে তুলে ধরেছেন এই মডেল ও অভিনেত্রী।
থাইল্যান্ডের ব্যাংককে শুক্রবার ঘোষণা করা হয় ৭৪তম ‘মিস ইউনিভার্সের’ ফলাফল। বিশ্বের ১২০ জন প্রতিযোগীকে পেছনে ফেলে শীর্ষে আসেন মেক্সিকোর ফাতিমা বশ। এদিকে ‘পিপলস চয়েস’ বিভাগে কখনো প্রথম, কখনো দ্বিতীয় অবস্থানে নিজেকে নিয়ে যান মিথিলা। এছাড়া তার পোশাক, সাজ, গয়না নিয়েও আন্তর্জাতিক অঙ্গনে নজর কাড়েন মিথিলা। খবর বিডিনিউজের।
ফলাফল ঘোষণার পর এক সাক্ষাৎকারে মিথিলা বলেন, আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। যেহেতু এটি একটি প্রতিযোগিতা, এর চূড়ান্ত ফলাফল থাকবেই। তবে আমি বাংলাদেশের জন্য একটি ইতিহাস তৈরি করেছি, সেরা ৩০–এ বাংলাদেশের নাম এসেছে। আমার হাত ধরে এই যাত্রা শুরু হলো। আশা করি, ভবিষ্যতে বাংলাদেশ থেকে আরও কেউ এই যাত্রাকে এগিয়ে নিয়ে যাবে। আমাকে সাপোর্ট ও ভালোবাসা দেওয়ার জন্য সবার প্রতি কৃতজ্ঞ।
‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ কর্তৃপক্ষ ফেইসবুকে এক পোস্টে লিখেছে, এটি বাংলাদেশের জন্য ইতিহাস গড়ার মুহূর্ত। অভিনন্দন মিথিলা এবং ধন্যবাদ সব সমর্থককে।












