মীরসরাইয়ে ফসলি জমি থেকে হাত–পা বাঁধা অবস্থায় চৌধুরী মিয়া (৪৮) নামে এক কৃষকের লাশ উদ্ধারের ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার গভীর রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক মো. সাইদুল ইসলাম প্রকাশ সাঈদী (৩০) পূর্ব দুর্গাপুর গ্রামের ছালামতউল্লাহর ছেলে। পুলিশ জানায়, আটক সাঈদীকে কৃষক চৌধুরী মিয়া হত্যা মামলার প্রধান আসামি করা হয়েছে।
জোরারগঞ্জ থানার ওসি কাজী নাজমুল হক জানান, উপজেলার ৮ নং দুর্গাপুর ইউনিয়নের রায়পুর গ্রামে নিজের ফসলি জমি থেকে কৃষকের লাশ উদ্ধারের পর খুনির অনুসন্ধান চলতে থাকে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও র্যাব–৭ এর একটি টিম সীতাকুণ্ড থানার পশ্চিম মহাদেবপুর এলাকায় অভিযান পরিচালনা করে আসামি সাইদুল ইসলামকে আটক করা হয়। ওসি বলেন, গতকাল শুক্রবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি ঘটনার সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন।












