মীরসরাই অর্থনৈতিক অঞ্চলে সড়ক দুর্ঘটনায় উপজেলা যুবদলের আহ্বায়ক কামাল উদ্দিন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুর ২টার দিকে তিনি নিজের ব্যবহৃত কারে দুর্ঘটনার শিকার হন। বিকাল ৫টায় চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে তাকে মৃত ঘোষণা করা হয়। নিহত কামাল উদ্দিন উপজেলার খৈয়াছরা ইউনিয়নের পোলমোগরা গ্রামের মজিবুল হকের পুত্র।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল নিজের গাড়ি নিয়ে অর্থনৈতিক জোনের জিরো পয়েন্ট হয়ে নিপ্পন কোম্পানির দিকে যাচ্ছিলেন কামাল উদ্দিন। হঠাৎ একটি পানিবাহী ট্রাক তার গাড়িকে চাপা দিলে তিনি গুরুতর আহত হয়। ট্রাকের চাপায় চালকের আসনে বসা কামাল আটকে যান। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে ও পরবর্তীতে চমেক হাসপাতালে প্রেরণ করে। বিকাল সাড়ে ৪টায় চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
মীরসরাই ফায়ার সার্ভিসের ইনচার্জ সাইদুল হক বলেন, দুর্ঘটনা কবলিত প্রাইভেট কার ও ঘাতক ট্রাকটি আটক করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
মীরসরাই থানার ওসি ফরিদা ইয়াসমিন বলেন, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে কামাল উদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মীরসরাইয়ের সংসদ সদস্য নুরুল আমিন, উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল আউয়াল চৌধুরী ও সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী।
এদিকে পৃথক দুর্ঘটনায় একই দিন ভোরে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের বারইয়াহাট কমফোর্ট হাসপাতালের সম্মুখস্থ স্থানে ঢাকা থেকে কক্সবাজারগামী একটি ডাবলডেকার স্লিপিং কোচ আইল্যান্ডে ধাক্কা লেগে কাত হয়ে যায়। এসময় অস্তত ১০ জন যাত্রী আহত হয়।











