মীরসরাইয়ে স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার ও বহিষ্কার

চাঁদাবাজি ও দস্যুতার মামলা

মীরসরাই প্রতিনিধি | শুক্রবার , ৩ এপ্রিল, ২০২৬ at ৫:৪৩ পূর্বাহ্ণ

মীরসরাইয়ে চাঁদাবাজি ও দস্যুতার মামলায় স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাকে দল থেকেও বহিষ্কার করা হয়। গত বুধবার সন্ধ্যায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়। বহিষ্কৃত ওই নেতার নাম মো. মাসুদ কালা (৩২)। তিনি উপজেলার করেরহাট ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ছিলেন। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. ওমর শরীফ ও সদস্য সচিব শাহ মো. ফোরকান উদ্দিন চৌধুরী এই সাংগঠনিক সিদ্ধান্ত নেন। সংগঠনটির যুগ্ম আহ্বায়ক এস এম আরিফ মাঈনউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার উপজেলার করেরহাট ইউনিয়নের ফরেস্ট অফিস এলাকায় গাড়ি থেকে চাঁদা তোলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ হয়। এতে অন্তত ১০ জন আহত হন। এ ঘটনার পর ওই দিন রাতেই মাসুদ কালাকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে দস্যুতার মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

এই বিষয়ে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. ওমর শরীফ বলেন, মঙ্গলবার বিকেলে উপজেলার করেরহাট ইউনিয়নের ফরেস্ট অফিস এলাকায় গাড়িতে চাঁদা আদায়ের ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় সাংগঠনিক তদন্তে মাসুদ কালার বিরুদ্ধে শৃঙ্খলা ভঙের সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হয়। তাই দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাকে সংগঠনের প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক বলেন, মঙ্গলবার সংঘর্ষের ঘটনায় মাসুদ কালার যুক্ত থাকার বিষয়টি প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। তাই তাকে আগের একটি মামলায় গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে বন কর্মকর্তার ওপর হামলা, পাহাড় কেটে বালু লুট, দস্যুতাসহ থানায় ১২টি মামলা রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপরনের কাপড় ছাড়া আর কিছুই রইল না বিধবার
পরবর্তী নিবন্ধচবিতে স্নাতক প্রথম বর্ষের ক্লাস শুরু ৩ মে