মীরসরাইয়ে মোটরসাইকেলে দুর্বৃত্তদের আগুন, প্রতিবাদে যুবলীগের মিছিল

মীরসরাই প্রতিনিধি | শুক্রবার , ২১ জুলাই, ২০২৩ at ৪:৩৬ পূর্বাহ্ণ

ঢাকাচট্টগ্রাম মহাসড়কের মীরসরাই উপজেলা এলাকায় একটি মোটরসাইকেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বিক্ষোভ মিছিল বের করে এ ঘটনার তাৎক্ষণিক প্রতিবাদ জানিয়েছেন যুবলীগের নেতাকর্মীরা। এই ঘটনায় আহত দুই মোটরসাইকেল আরোহীদের মধ্যে একজন হলেন সজীব; যিনি যুবলীগের রাজনীতির সাথে জড়িত। গতকাল বৃহস্পতিবার বিকেল চারটায় উপজেলার ছোট কমলদহ এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, বিকাল চারটার দিকে দুইজন যুবক বড় দারোগারহাট বাজার থেকে মীরসরাইয়ে নিজামপুরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বড় কমলদহ বাজারে তাদের মোটরসাইকেলের অকটেন ফুরিয়ে যায়। এসময় তারা রাস্তায় এদিকওদিক ছোটাছুটি করেন। হঠাৎ করে একটি মাইক্রোবাস এসে থামলে কয়েকজন অজ্ঞাত মুখোশধারী যুবক মোটরসাইকেল আরোহী যুবকদের মারধর শুরু করেন। একপর্যায়ে দুর্বৃত্তরা তাদের মোটরসাইকেলটিতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। দুর্বৃত্তদের আঘাতে মোটরসাইকেল আরোহী সজীব ও মামুন আহত হয়েছে।

এদিকে এ ঘটনার পরপরই ঘটনাস্থলে মীরসরাই যুবলীগের নেতাকর্মীরা জড়ো হয়ে বিক্ষোভ মিছিল বের করেন। তারা জয় বাংলা স্লোগান দিতে থাকেন। ঘটনার পর মীরসরাই থানা পুলিশের একটি দল সেখানে যায়। মীরসরাই উপজেলা যুবলীগের সহসভাপতি ও ১৫ ওয়াহেদপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আশরাফুল কামাল মিঠু বলেন, কয়েকজন দুর্বৃত্ত আমাদের কর্মীর মোটরসাইকেলে আগুন দিয়েছে। শুনেছি তারা জিয়ার সৈনিক বলে স্লোগান দিয়েছে। আমরা তাৎক্ষণিক মিছিল বের করে প্রতিবাদ জানিয়েছি। তবে মোটরসাইকেল আরোহী সজীব দুর্বৃত্ত দলের কাউকে চিনতে পারেননি বলে জানিয়েছেন। এ বিষয়ে মীরসরাই উপজেলা বিএনপির সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন বলেন, হামলা করে মামলা সাজানো আওয়ামী লীগের ট্রেডিশনে রূপ নিয়েছে। তারাই হামলা করছে আবার তারাই আমাদের নামে মিথ্যা মামলা দিচ্ছে। বিএনপির আন্দোলনকে দমাতে ও বিএনপিকে প্রশ্নবিদ্ধ করতে আওয়ামী লীগ নাটক করতে শুরু করেছে। এটি তারই অংশ। এ বিষয়ে মীরসরাই থানার ওসি কবির হোসেন বলেন, মহাসড়কে একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়েছে। আমরা কাউকে আটক করতে পারিনি। আমরা ঘটনাস্থলে এসেছি। বিস্তারিত তদন্ত করে জানাতে পারব। যতটুকু শুনেছি আওয়ামী ও বিএনপির মধ্যে সমস্যাটি হতে পারে।

পূর্ববর্তী নিবন্ধঘুষ-দুর্নীতির দায়ে বরখাস্ত দুদকের দুই কর্মকর্তা
পরবর্তী নিবন্ধপবিত্র আশুরা উপলক্ষে সিএমপির ২১ নির্দেশনা