মীরসরাইয়ে একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওপর থেকে নিচে ছিটকে পড়ে মো. সাইফুল ইসলাম (৩০) নামে এক নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর এলাকার নিজামপুর রেল স্টেশন সংলগ্ন একটি ভবনে এই দুর্ঘটনা ঘটে। নিহত সাইফুল স্থানীয় বাসিন্দা আবুল কালামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাইফুল নিজামপুর রেল স্টেশন এলাকায় একটি নির্মাণাধীন ভবনের বাইরের অংশে মাচায় দাঁড়িয়ে কাজ করছিলেন। এ সময় হঠাৎ মাচাটি ভেঙে পড়ার উপক্রম হলে ভারসাম্য রক্ষা করতে গিয়ে তিনি পাশের সচল বিদ্যুতের তার জড়িয়ে ধরেন। এতে মুহূর্তেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তারসহ নিচে ছিটকে পড়েন তিনি। ওপর থেকে নিচে পড়ার প্রচণ্ড আঘাত এবং বিদ্যুতের ঝটকায় তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে সীতাকুণ্ড মডার্ণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে সাইফুলের এমন আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জানা গেছে, নিহতের স্ত্রী একজন শারীরিক প্রতিবন্ধী। তাদের ঘরে দুটি ছোট কন্যাসন্তান রয়েছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে এখন দিশেহারা পুরো পরিবার।
নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপ–পরিদর্শক আব্দুর রশিদ জানান, ঘটনার খবর তারা জেনেছেন। এ বিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।












