মীরসরাইয়ে অবৈধভাবে উত্তোলিত বালুভর্তি দুটি ট্রাক জব্দ করেছে বন বিভাগ। গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার করেরহাট রেঞ্জের খিল এলাকার লক্ষ্মীছড়া খাল থেকে ট্রাক দুটি জব্দ করা হয়।
বন বিভাগ সূত্র জানায়, করেরহাট রেঞ্জ কর্মকর্তা মো. মাহদী হাসানের নেতৃত্বে বন বিভাগের একটি দল খিল এলাকার লক্ষ্মীছড়া খালে অভিযান চালায়। এ সময় অবৈধভাবে বালু পরিবহনের দায়ে দুটি ট্রাক জব্দ করা হয়।
অভিযানে করেরহাট বিট কর্মকর্তা আলাল উদ্দিন, কয়লা বিট কর্মকর্তা মো. আসলাম হোসেন ও ধুমঘাট বনশুল্ক পরীক্ষণ ফাঁড়ির ফরেস্টার মো. সোহেল রানাসহ বন বিভাগের সদস্যরা উপস্থিত ছিলেন।
করেরহাট বিট কাম চেক স্টেশনের কর্মকর্তা আলাল উদ্দিন বলেন, বন ও বনজ সম্পদ রক্ষায় বন বিভাগের এ অভিযান অব্যাহত থাকবে। জব্দ করা ট্রাক দুটির বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।












