মীরসরাইয়ে পাহাড় কেটে বালু তোলার সময় ধসে মৃত্যু

মীরসরাই প্রতিনিধি | মঙ্গলবার , ১৭ মার্চ, ২০২৬ at ১০:৪৫ পূর্বাহ্ণ

মীরসরাই উপজেলার করেরহাট এলাকায় পাহাড় কেটে অবৈধভাবে বালু উত্তোলনকালে পাহাড় ধসে জামশেদ আলম (৪২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার করেরহাট ইউনিয়নের দক্ষিণ অলিনগর সংলগ্ন সাইবেনিখীল ছড়ার কূলে এই দুর্ঘটনা ঘটে। নিহত জামশেদ দক্ষিণ অলিনগর এলাকার মৃত আলী আকবরের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জামশেদ আলম পেশায় লাইটিং মিস্ত্রি ও বাবুর্চি হলেও মাঝেমধ্যে শ্রমিক নিয়ে পাহাড় কেটে বালু সংগ্রহ ও বিক্রি করতেন। সোমবার দুপুরে কয়েকজন শ্রমিকসহ বালু সংগ্রহকালে হঠাৎ পাহাড়ের একাংশ ধসে পড়লে তিনি বালুচাপা পড়েন। নিহত জামশেদ আলমের ভাগ্নে ফখরুল ইসলাম জানান, পাহাড় ধসে মামা আটকা পড়ার খবর পেয়ে তিনি স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করেন। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে বারইয়ারহাট পৌরবাজারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে হাসপাতালে নেওয়ার পথেই অ্যাম্বুলেন্সে তার মৃত্যু হয়। জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক জানান, পাহাড় কেটে বালু উত্তোলনের সময় পাহাড় ধসে একজনের মৃত্যুর খবর তারা পেয়েছেন। ঘটনাস্থলে এবং নিহতের বাড়িতে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে দ্রুত আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধসিএমপির তালিকাভুক্ত সন্ত্রাসী ১৬ মামলার আসামি জানে আলম গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধতত্ত্বাবধায়ক সরকার জনসাধারণের একটি নিরপেক্ষ ব্যবস্থার দাবির ফসল : আপিল বিভাগ