মীরসরাই উপজেলার দুর্গাপুর ইউনিয়নে ফসলি জমি থেকে চৌধুরী মিয়া (৪৮) নামে এক কৃষকের হাত–পা বাঁধা ও রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সকালে উপজেলার ৮ নম্বর দুর্গাপুর ইউনিয়নের রায়পুর গ্রামের একটি ইটভাটা সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত চৌধুরী মিয়া ওই এলাকার বাসিন্দা এবং পেশায় একজন কৃষক ছিলেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল বেলা ১১টার দিকে রায়পুর গ্রামের গোয়ামারা পোলের পাশের একটি নিচু জমিতে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। এ সময় নিহতের দুই পা গামছা দিয়ে বাঁধা ছিল এবং শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের গভীর আঘাতের চিহ্ন পাওয়া যায়।
নিহতের স্বজনদের দাবি, গত মঙ্গলবার সন্ধ্যার পর থেকে চৌধুরী মিয়ার খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা বাড়িতে না থাকায় রাতে বিষয়টি জানাজানি হয়নি। বুধবার সকালে স্থানীয়রা মরদেহটি শনাক্ত করেন। তারা আরও অভিযোগ করেন, জমি ও পারিবারিক বিষয় নিয়ে ভাই এবং ভাতিজাদের সঙ্গে চৌধুরী মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এমনকি ঘটনার একদিন আগে এক ভাতিজার সঙ্গে তার হাতাহাতির ঘটনাও ঘটেছিল। ওই বিরোধের জেরেই তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে স্বজনদের ধারণা।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। তিনি বলেন, প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে নিশ্চিত হওয়া গেছে। তবে বিস্তারিত তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রকৃত কারণ জানা যাবে।












