মীরসরাইয়ে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় অভিযুক্ত বারইয়ারহাট কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেনকে (২৫) গ্রেপ্তার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। গতকাল রোববার তাকে গ্রেপ্তার করা হয়। ইমাম হোসেন বারইয়ারহাট পৌরসভার জামালপুর গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে। এর আগে ধর্ষিতা কিশোরীর মা বাদী হয়ে শনিবার রাতে জোরারগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা করেন। মামলায় অন্য আসামিরা হলেন হৃদয় ( ২৫) ও রানা (২৭)।
মামলা সূত্রে জানা গেছে, ২৬ জানুয়ারি রাত সাড়ে ৭টার দিকে বারইয়ারহাট পৌরসভার একটি গ্রামে পুকুরপাড় সংলগ্ন বাগানে নিয়ে নেশাজাতীয় দ্রব্য সেবন করিয়ে ওই কিশোরীকে পালাক্রমে ধর্ষণ করা হয়। এরপর ঘটনা কাউকে না জানাতে হুমকি দিয়ে চলে যান অভিযুক্তরা। শনিবার রাতে তিনজনকে আসামি করে মামলা করা হয়।
এ বিষয়ে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান বলেন, ‘এমন একটি ঘটনা শুনেছি। তদন্ত করে যদি ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়ে সত্যতা পাওয়া যায়, তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ কাজী নাজমুল হক বলেন, সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে তিনজনকে আসামি করে থানায় একটি মামলা করেছেন। মামলার এজাহারনামীয় ইমাম হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি দুজনকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।












