‎মীরসরাইয়ে কিশোরীকে গণধর্ষণের অভিযোগ, ছাত্রদল নেতা গ্রেফতার

‎মীরসরাই প্রতিনিধি | রবিবার , ১ ফেব্রুয়ারি, ২০২৬ at ১০:০২ অপরাহ্ণ

মীরসরাইয়ে ৭ম শ্রেণির এক কিশোরীকে নেশাজাতীয় দ্রব্য সেবন করিয়ে পালাক্রমে ধর্ষণের অভিযোগ উঠেছে।

‎রবিবার (১ ফেব্রুয়ারি) এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বারইয়ারহাট কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইমাম হোসেন (২৫) নামে একজনকে আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।

সে বারইয়ারহাট পৌরসভার জামালপুর গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে। ধর্ষণের ঘটনায় কিশোরীর মা বাদি হয়ে গতকাল শনিবার রাতে জোরারগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। মামলার অন্য আসামিরা হলেন হৃদয় (২৫) ও রানা (২৭)।

‎থানায় দায়েরকৃত মামলা সূত্রে জানা গেছে, গত ২৬ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টায় বারইয়ারহাট পৌরসভার জামালপুর গ্রামের শাহজাহানের ঘরের পাশে পুকুরপাড় সংলগ্ন বাগানে নিয়ে এক কিশোরীকে নেশাজাতীয় দ্রব্য সেবন করিয়ে পালাক্রমে ধর্ষণ করা হয়। এরপর ঘটনা কাউকে না জানাতে হুমকি দিয়ে চলে যায় বখাটেরা।

পরে ঘটনার জানাজানি হলে কোনো ধরনের মামলা না করার জন্য ওই কিশোরীর পরিবারকে চাপ প্রয়োগ করেন আসামিরা। পরে শনিবার রাতে ৩ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়।

‎এ বিষয়ে চট্টগ্রাম উত্তরজেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন রুবেল জানান, তিনি নির্বাচনী সমাবেশে রয়েছেন। খোঁজ খবর নিয়ে জানাবেন। সত্যতা পেলে শিঘ্রই সাংগঠনিক ব্যবস্থা নিবেন।

‎এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক জানান, গণধর্ষণের ঘটনায় ভিকটিমের মা বাদি হয়ে তিনজনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার এজাহারনামীয় আসামি ইমাম হোসেনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

পূর্ববর্তী নিবন্ধলাঙ্গলে-মঙ্গল দেশে আসবে শান্তি লাঙ্গলে দূর হবে-দেশের অশান্তি
পরবর্তী নিবন্ধনির্বাচন ও গণভোট উপলক্ষে সব ধরনের যান চলাচলে বিধি-নিষেধ