মীরসরাইয়ের ফসলি জমি এখন পুকুর

রাতভর ভেকু ও পিকআপে মাটি লুট

মীরসরাই প্রতিনিধি | বুধবার , ১১ মার্চ, ২০২৬ at ৮:৩৯ পূর্বাহ্ণ

মীরসরাই উপজেলার ১৫নং ওয়াহেদপুর ইউনিয়নে পাহাড়ের পাদদেশের কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রির মহোৎসব চলছে। স্থানীয় প্রভাবশালী মহলের ছত্রছায়ায় দিনরাত সমানতালে চলছে এই বেআইনি কাজ, যার ফলে বিস্তীর্ণ ফসলি জমি রীতিমতো গভীর পুকুরে পরিণত হয়েছে।

প্রাপ্ত তথ্যে জানা গেছে, পূর্ব ওয়াহেদপুর গ্রামে পাহাড়ের পাদদেশের কৃষি জমির মাটি কেটে সেখানে বড় আকারের গর্ত তৈরি করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরেও সরেজমিনে এমন চিত্র দেখা গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। স্থানীয়দের অভিযোগ, বর্তমান ক্ষমতাসীন দলের অঙ্গ সংগঠনের কিছু প্রভাবশালী নেতাকর্মীর আশ্রয়ে এই ধ্বংসযজ্ঞ চলছে। রাত গভীর হলে ভেকু (এক্সকেভেটর) দিয়ে রূপসী ঝরনা সংলগ্ন এলাকা থেকে মাটি কেটে ৩০ থেকে ৪০টি পিকআপে করে দারোগারহাটের একটি ইটভাটায় নেওয়া হচ্ছে। এই মাটি লুটের সঙ্গে স্থানীয় পুলিশ ফাঁড়ির জড়িত থাকার অভিযোগ তুলেছেন নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র। তবে মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন এই অভিযোগ অস্বীকার করে বলেন, আমার থানা এমন কোনো অপরাধের সাথে কোনোভাবেই সম্পৃক্ত নেই। এরপরও আমার কোনো সদস্যের বিরুদ্ধে অভিযোগের সত্যতা থাকলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ফসলি জমি ও পাহাড় কাটার বিষয়ে মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোমাইয়া আক্তার বলেন, কৃষি জমি ও পাহাড় কাটার বিষয়ে আমাদের অবস্থান ‘জিরো টলারেন্স’। আমরা ইতিমধ্যে বেশ কয়েকটি অভিযান পরিচালনা করেছি, কিন্তু আমাদের পৌঁছানোর আগেই অপরাধীরা পালিয়ে যায়। তিনি আরও জানান, এখন থেকে অপরাধীদের হাতেনাতে ধরার লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করা হবে এবং এ বিষয়ে গণমাধ্যমসহ সবার সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় নকল সাবান কারখানা সিলগালা
পরবর্তী নিবন্ধরান্নাঘরে নারীর রক্তাক্ত মরদেহ