মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা নিহত

মীরসরাই প্রতিনিধি | শুক্রবার , ৮ মার্চ, ২০২৪ at ১২:২২ অপরাহ্ণ

মাছবোঝাই পিকআপকে দ্রুতগামী বাস ধাক্কায় মীরসরাইয়ে সরফুদ্দিন ভুইয়া মামুন (৪০) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন।

শুক্রবার (৮ মার্চ) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট পৌর বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মামুন উপজেলার ৭নং কাটাছরা ইউনিয়নের আবদুস সত্তর ভূঁইয়া বাড়ির মরহুম ডা. সফিউল আলমের ছেলে।

তিনি কাটাছরা ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়কের দায়িত্বে রয়েছেন। মীরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরী জানান, শুক্রবার ভোরে পিকআপবোঝাই মাছ নিয়ে বারইয়ারহাট আড়তে যাচ্ছিলেন মামুন।

এ সময় দ্রুতগামী হানিফ পরিবহনের একটি বাস ধাক্কা দিলে তিনি পিকআপ থেকে ছিটকে পড়েন। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার সময় তার মৃত্যু হয়।

জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ সোহেল সরকার বলেন, শুক্রবার ভোরে মাছবোঝাই পিকআপকে ধাক্কা দিলে একজন নিহত হন। দুর্ঘটনা কবলিত গাড়িটি থানায় নিয়ে আসা হয়েছে। পরিবারের অনুরোধে নিহতের মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়িতে পিকআপ ভ্যানের ধাক্কায় ১ জনের মৃ’ত্যু
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে ভ’য়াবহ আ’গুনে ১৭ ঘর পুড়ে ছাই