মিয়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ জ্বালানি ও আলকাতরাসহ ৭ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। গতকাল শুক্রবার দিবাগত মধ্যরাতে পতেঙ্গা থানাধীন কর্ণফুলী নদীর ১৪ নম্বর ঘাট সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
কোস্ট গার্ড জানায়, গোপন খবরের ভিত্তিতে রাত ৩টার দিকে কর্ণফুলী নদীতে সন্দেহজনক একটি আর্টিসানাল ট্রলিং বোটে তল্লাশি চালানো হয়। এসময় শুল্ক–কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় ৪৮ লাখ টাকা মূল্যের ১ হাজার ৬০০ লিটার ডিজেল, ৩ হাজার ৩০০ কেজি আলকাতরা এবং ৪টি ডিজেল ইঞ্জিন জব্দ করা হয়। একই সঙ্গে ৭ জন পাচারকারীকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, নোয়াখালীর হাতিয়ার জাহাজমারা গ্রামের মাইনউদ্দিনের ছেলে মো. রাসেল (২৯), কক্সবাজারের কুতুবদিয়ার উত্তরধুরুম গ্রামের নুরুল হকের ছেলে দেলোয়ার হোসেন (৩০), ফটিকছড়ির ধর্মপুর গ্রামের মো. আব্দুস সালামের ছেলে মো. আক্কাস (৩১), চট্টগ্রামের বোর্ডবাজার এলাকার চরলক্ষ্যা গ্রামের মো. জকিরের ছেলে মো. জাবের (৩৩), ভোলার মনপুরার দক্ষিণ সাগুচিয়া গ্রামের বাসু মিয়ার ছেলে মো. জসিম (৩৫), নোয়াখালীর হাতিয়ার জাহাজমারা গ্রামের দুলাল হোসেনের ছেলে মো. জহির (৩০), এবং কক্সবাজারের চকরিয়ার শান্তি বাজার এলাকার মো. চাঁদমিয়ার ছেলে মো. জাকির হোসেন। এ ঘটনায় ব্যবহৃত অবৈধ ট্রলিং বোটটিও জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।
কোস্ট গার্ডের পক্ষ থেকে বলা হয়েছে, দেশের উপকূলীয় এলাকায় পাচার ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।











