সেন্টমার্টিন সংলগ্ন বঙ্গোপসাগর দিয়ে মিয়ানমারে পাচারের সময় ৭৪০ বস্তা সিমেন্টসহ একটি ইঞ্জিনচালিত বোট ও ১১ জন চোরাকারবারিকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। গত মঙ্গলবার সমুদ্রসীমার সেন্টমার্টিন বাতিঘর থেকে ৩১ মাইল দূরে নৌবাহিনীর জাহাজ ‘প্রত্যাশা’ এই অভিযান পরিচালনা করে। গতকাল বুধবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক রেজাউল করিম শাম্মী সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
আইএসপিআর জানায়, সমুদ্রপথে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে সিমেন্ট পাচারের গোপন সংবাদ পেয়ে সেন্টমার্টিন এলাকায় টহল জোরদার করে নৌবাহিনী। অভিযান চলাকালে ‘প্রত্যাশা’ জাহাজটি সন্দেহভাজন একটি বোটকে থামার সংকেত দিলে সেটি পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে ‘এফবি রুনা আক্তার’ নামের বোটটি আটক করা হয়। তল্লাশি চালিয়ে ওই বোট থেকে ৭৪০ বস্তা বাংলাদেশি ডায়মন্ড সিমেন্ট জব্দ এবং পাচারকারী দলের ১১ সদস্যকে আটক করা হয়।
আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, গত ১৬ ফেব্রুয়ারি বিকেলে চট্টগ্রামের ফিশারী ঘাট থেকে বোটটি যাত্রা শুরু করে। এরপর সন্দ্বীপ চ্যানেলের জোড়াবয়া এলাকা থেকে সিমেন্টগুলো লোড করে অধিক মুনাফার আশায় মিয়ানমারের ‘সীতা’ এলাকায় নিয়ে যাওয়া হচ্ছিল।
জব্দকৃত সিমেন্ট ও আটক ব্যক্তিদের পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সেন্টমার্টিনস্থ নৌবাহিনীর ফরোয়ার্ড বেইজে হস্তান্তর করা হয়েছে।












