মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ তেল ও আলুসহ ১০ পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। গতকাল রোববার সকাল ৮টায় কোস্ট গার্ড জাহাজ জয় বাংলা কর্তৃক বঙ্গোপসাগরের সাঙ্গু গ্যাস ফিল্ড সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
কোস্টগার্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ১টি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ১১ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ২২ হাজার ৫০০ কেজি আলু, ২৩০ লিটার ডিজেল ও পাচার কাজে ব্যবহৃত ফিশিং বোটসহ ১০ জন পাচারকারীকে আটক করা হয়। আটককৃতরা হলেন মহেশখালীর কুতুবজোম ইউনিয়নের আমির হামজার পুত্র করিম উল্লাহ মাঝি (৩৬), বাঁশখালীর জলদি পশ্চিম বড়ঘোনা গ্রামের আব্দুল জব্বারের পুত্র আব্দুর রহিম (২৪), ভোলা জেলার তজুমদ্দিন থানার শিবপুর এলাকার ফারুক মাঝির পুত্র মো. রুবেল (২৬), মহেশখালীর ছোট মহেশখালী ইউনিয়নের সিপাহিরপাড়া গ্রামের মৃত মশিউর রহমানের পুত্র নবীর হোসেন (৩৮), বাঁশখালীর গন্ডামারা ইউনিয়নের পশ্চিম বড়ঘোনা গ্রামের আব্দুর রহমানের পুত্র আজিজুল হক (২০), একই গ্রামের আবু বক্করের পুত্র মো. গিয়াস উদ্দিন (৩২), মহেশখালীর কালারমার ছড়ার আব্দুর রহমানের পুত্র মো. সোহেল (২২), বাঁশখালীর গন্ডামারার আব্দুল কাদেরের পুত্র মো. এবাদুল ইসলাম (২২), একই গ্রামের মোজাহার মিয়ার পুত্র নুরুল আবছার (২৫) ও চকরিয়ার খুঁটাখালী ইউনিয়নের দক্ষিণ মেধাকচ্ছপিয়া এলাকার মোহাম্মদ হোসাইনের পুত্র মো. শাহজাহান (৪২)। জব্দকৃত মালামাল ও পাচারকাজে ব্যবহৃত বোট এবং আটককৃত পাচারকারীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।











