মিয়ানমারে গোলাগুলি, টেকনাফে জেলে গুলিবিদ্ধ

কক্সবাজার প্রতিনিধি | শনিবার , ১০ জানুয়ারি, ২০২৬ at ৬:০১ পূর্বাহ্ণ

নাফ নদীতে মাছ ধরার সময় মিয়ানমার থেকে ছুটে আসা গুলিতে মোহাম্মদ আলমগীর নামে এক জেলে গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধ আলমগীর টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বালুখালী গ্রামের মৃত ছৈয়দ বলির ছেলে।

টেকনাফের হোয়াইক্যং ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সিরাজুল মোস্তফা লালু জানান, হোয়াইক্যং সীমান্তের ওপারে রাখাইন সীমান্ত এলাকায় বিস্ফোরণ ও গোলাগুলির শব্দে এপারের বাড়িঘর কেঁপে উঠছে। গত বৃহস্পতিবার রাতেও কয়েক দফা গুলির শব্দ শোনার খবর পাওয়া যায়। এ সময় নাফ নদীতে মাছ ধরারত মোহাম্মদ আলমগীর নামে এক জেলে গুলিবিদ্ধ হন।

আহত জেলে আলমগীরের তার বড়ভাই সরওয়ার আলম জানান, বৃহস্পতিবার মাগরিবের পর মো. আলমগীর ও আরেক জেলে মো. আকবর নাফ নদীর হোয়াইক্যং এলাকার বিলাইরছিয়া দ্বীপ সংলগ্ন এলাকায় মাছ ধরতে যান। নৌকায় অবস্থান করে নদীতে জাল ফেলছিলেন তারা। এ সময় হঠাৎ কয়েক রাউন্ড গুলির বিকট শব্দ শোনা যায়।

একপর্যায়ে আলমগীর গুলিবিদ্ধ হয়ে নৌকার ভেতরে লুটিয়ে পড়েন। পরে দেখা যায়, তার বাম হাত থেকে রক্ত ঝরছে এবং একটি গুলি বাম হাত ভেদ করে বের হয়ে গেছে। পরে সঙ্গে থাকা জেলের সহযোগিতায় তাকে উদ্ধার করা হয়। আহত অবস্থায় আলমগীরকে প্রথমে কুতুপালং এমএমএস হাসপাতালে নেওয়া হলে সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইনামুল হাফিজ নাদিম বলেন, বিষয়টি শুনেছি। এ ঘটনায় সীমান্তবর্তী মানুষদের নিরাপদে থাকতে বলা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকুতুবদিয়ায় ট্রলারডুবিতে দুই জেলে নিহত, কিশোর এখনও নিখোঁজ
পরবর্তী নিবন্ধচকরিয়ায় দুই বাড়ি ও একটি দোকানে দুর্ধর্ষ ডাকাতি