গেল বছর বাংলাদেশ সফরের সময় মিরপুরের উইকেটের সমালোচনা করেছিলেন পাকিস্তানের কোচ মাইক হেসন। বছর না ঘুরতেই আবারো বাংলাদেশে সিরিজ খেলতে এসেছে পাকিস্তান। প্রথম ওয়ানডের আগে মিরপুরের উইকেটে দেখে এবার স্বস্তি প্রকাশ করলেন কোচ হেসন। পাকিস্তান কোচ গতকাল সোমবার সংবাদ সম্মেলনে বলেন, ‘অতীতের চেয়ে এবার বেশি ঘাস দেখতে পেলাম। মাঝখানের ওভারগুলোতে স্পিনে ভরসা করা লাগতে পারে। সেক্ষেত্রে উইকেট নেওয়ার সুযোগও তৈরি হবে। সবই আসলে নির্ভর করছে উইকেট কেমন হয় তার ওপর।’ এরপর এবারের উইকেট ভালো দাবি করে হেসন বলেন, ‘হ্যাঁ, এবার উইকেট আগের চেয়ে অনেক ভালো। দুর্ভাগ্যবশত অনেক দিন ধরেই এখানে ভালো পিচ পাওয়া যায়নি। বিপিএলে দেখেছি ভালো পিচ ছিল। উইকেটে অনেক ঘাস ছিল। ব্যাট ও বলের মধ্যে জেনুইন কন্টেস্ট হয়েছে। আশা করি দুই দলই উপকৃত হবে।’ এদিকে উইকেট নিয়ে টাইগার কোচ ফিল সিমন্সও আশাবাদী, ‘উইকেট এখন ভালোই লাগছে। বিপিএলের শেষদিকে বা ২ দিন আগেও এখানে যে খেলা হলো, ভালো উইকেট মনে হচ্ছে এখন। ক্রিকেটাররা এটাই চায়, ভালো উইকেটে খেলতে চায়। এবার তা–ই আছে বলে মনে হচ্ছে।’











