মিনেসোটায় অভিবাসী দমনাভিযান শেষের ঘোষণা দিলেন টম হোম্যান

| শুক্রবার , ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ at ৭:১৭ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের মিনেসোটা রাজ্যে অবৈধ অভিবাসী দমনাভিযান শেষ করতে চলেছে প্রেসিডেন্ট ডেনাল্ড ট্রাম্পের প্রশাসন। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ট্রাম্পের ‘সীমান্ত সম্রাট’ টম হোম্যান জানান, প্রেসিডেন্ট তার এই অভিযান শেষ করার অনুরোধ অনুমোদন করেছেন।

গত দু’মাস ধরে‘অপারেশন মেট্রো সার্জ’ নামের এই অভিযানে ৪ হাজারের বেশি অনিবন্ধিত অভিবাসী গ্রেপ্তার হয়েছে। তবে অভিযান চলাকালে অভিবাসন কর্মকর্তাদের গুলিতে রেনি গুড এবং অ্যালেঙ প্রেত্তি নামে দুই মার্কিন নাগরিক নিহত হওয়ার পর সহিংস বিক্ষোভ শুরু হয়। টম হোম্যান এই অভিযানকে ‘বিরাট সাফল্য’ হিসেবে বর্ণনা করে বলেন, এর ফলে মিনেসোটা আগের চেয়ে বেশি নিরাপদ হয়েছে।

রাজ্যটি থেকে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) এজেন্টদের প্রত্যাহার কর্মসূচি তদারকের জন্য হোম্যান আরও কিছু সময় সেখানে থাকবেন বলে জানান।

তিনি বলেন, মিনেসোটায় এখন অভিবাসন আইন প্রয়োগ করার মতো মানুষের সংখ্যা অনেক কমে এসেছে।

গত ডিসেম্বরে শুরু হওয়া এই অভিযানে গত সপ্তাহেও ৭০০ এজেন্টকে তাৎক্ষণিকভাবে সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছিলেন টম হোম্যান। কিন্তু তারপরও মিনেসোটার রাস্তায় ২ হাজারের বেশি ফেডারেল কর্মকর্তা রয়ে গেছেন। হোম্যানের আইসিই এজেন্টদের প্রত্যাহারের ঘোষণার পর মিনেসোটার গভর্নর টিম ওয়ালজ এক সংবাদ সম্মেলনে বলেন, তিনি এজেন্টদের সরিয়ে নেওয়ার বিষয়ে তার প্রতিক্রিয়া সতর্কভাবে আশবাদী।

তিনি বলেন, “এ বিষয়ে বাস্তবতাটি হচ্ছে, তারা (আইসিই এজেন্ট) আমাদেরকে মারাত্মক ক্ষতি, প্রাজন্মিক ট্রমার মধ্যে ফেলেছে। কিছু ক্ষেত্রে তারা আমাদেরকে অর্থনৈতিক ধ্বংসের মধ্যেও ফেলেছে এবং একগাদা প্রশ্নের মুখেও ফেলে যাচ্ছে।” গভর্নর ওয়ালজ শিগগিরই রাজ্যের ক্ষয়ক্ষতি পূষিয়ে নিতে ১ কোটি ডলারের জরুরি তহবিলের প্রস্তাব দেবেন বলে আশা করা হচ্ছে। এই তহবিল তিনি নিতে চান ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য, যারা অভিবাসন অভিযানে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে অভিযোগ করেছেন।

পূর্ববর্তী নিবন্ধপোস্টাল ব্যালটে ভোট পড়েছে ৮০.১১ শতাংশ
পরবর্তী নিবন্ধলৌহজংয়ে পালকিতে চড়ে ভোটকেন্দ্রে শতবর্ষী চাঁন বানু