কক্সবাজারের চকরিয়ায় অভ্যন্তরীণ সড়কে ডাকাতির প্রস্তুতিকালে অভিযান চালিয়ে দুই নারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে দুইজন সম্পর্কে মা ও ছেলে এবং অপর দুইজন স্বামী–স্ত্রী। অভিযানকালে তাদের কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্র, ১০ রাউন্ড গুলি এবং ডাকাতির কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ সরঞ্জাম ও যানবাহন জব্দ করা হয়েছে।
গত মঙ্গলবার দিবাগত রাতে চকরিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের আমানপাড়া এলাকায় চিরিঙ্গা জনতা মার্কেট–বেতুয়াবাজার সড়কে এ অভিযান চালায় চকরিয়া থানা পুলিশের একটি দল। গতকাল বুধবার চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন আমানপাড়া এলাকার আবদুল কাদেরের স্ত্রী ইসমত আরা (৪৫) ও তার ছেলে ইমতিয়াজুল কাদের রায়হান (২৫) এবং মৃত নূর হোসেনের ছেলে নাছির উদ্দিন (৩৫) ও তার স্ত্রী খুর্শিদা বেগম (৩৫)। পুলিশ জানায়, আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে চকরিয়াবাসীর ঈদ উৎসব নিরাপদ করতে পুলিশের বিশেষ নজরদারি ও অভিযান চলছে। এরই অংশ হিসেবে মঙ্গলবার রাতে আমানপাড়া এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে একদল দুর্বৃত্তকে চ্যালেঞ্জ করে পুলিশের আভিযানিক দল। এ সময় পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে ওই চারজনকে গ্রেপ্তার করা হয়।
পরে গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যমতে পাশের এলাকায় তল্লাশি চালিয়ে ১টি একনলা এলজি, ১টি দুনলা এলজি, ১০ রাউন্ড তাজা গুলি, ২টি গ্রিল কাটার মেশিন (তালা কাটার যন্ত্র), ১টি লোহার কোরাবাড়ি, ১টি হাতুড়ি, ১টি রামদা ও কাঠের বাঁটযুক্ত ১টি চাকু উদ্ধার করা হয়। একই সঙ্গে ডাকাতির উদ্দেশ্যে ব্যবহৃত ১টি হাইয়েস মাইক্রোবাস এবং ২টি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল (পালসার ও সুজুকি জিক্সার) জব্দ করেছে পুলিশ।
চকরিয়া থানার অপারেশন অফিসার ফরিদ উদ্দিন বলেন, এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে চকরিয়া থানায় অস্ত্র আইন এবং ডাকাতির প্রস্তুতির সংশ্লিষ্ট ধারায় দুটি পৃথক মামলা করা হয়েছে। বুধবার বিকেলে তাদের চকরিয়া উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।












