বায়তুশ শরফ মজলিসুল ওলামা বাংলাদেশের মহাসচিব মাওলানা মামুনুর রশীদ নূরী বলেছেন, মাহে রমজান শুধু উপবাস থাকার মাস নয়, এটি আল্লাহর নৈকট্য ও সন্তুষ্টি অর্জনের জন্য প্রশিক্ষণের মাস। আর এই মাসের সিয়াম সাধনা মুমিনদের চিন্তাশক্তিকে আত্মশুদ্ধির মাধ্যমে জাগ্রত করে সাম্যের পরিবেশ সৃষ্টি করে, বদঅভ্যাস থেকে আত্মাকে শক্তিশালী করে এবং দ্বীনি চেতনার বীজ অঙ্কুরিত করে ঈমানী পরীক্ষায় উত্তীর্ণদের ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার শিক্ষা দেয়। তিনি গত শুক্রবার নগরীর অক্সিজেনস্থ তাইয়্যেবা জামে মসজিদ পরিচালনা কমিটি আয়োজিত ‘মাহে রমজানের শিক্ষা ও তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তাইয়্যেবা জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি শিক্ষাবিদ শফিউল আজমের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামরুদ্দিন খোকনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন মসজিদের খতীব মাওলানা হাফেজ নুরুল ইসলাম, মীর মোহাম্মদ মোজাফফর, রাজনীতিবিদ মাওলানা জাকের হোসাইন ও হাফেজ যুবায়ের প্রমুখ।
সভায় প্রধান অতিথি আরো বলেন, মুমিন জীবনের সার্বিক সফলতার জন্য আত্মসংযম ও আত্ম নিয়ন্ত্রণ একান্ত প্রয়োজন। কারণ মাহে রমজান হচ্ছে পারস্পরিক সম্প্রীতি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের নিবিড় প্রশিক্ষণের মাস। তিনি মাহে রমজানকে কোরআন নাজিলের এবং আধ্যত্মিক উন্নতির অনুশীলনের মাস উল্লেখ করে সংযম ত্যাগ ও আত্মশুদ্ধির মাধ্যমে একটি জনকল্যাণমূলক সুখী সমৃদ্ধশালী রাষ্ট্রপ্রতিষ্ঠায় এগিয়ে আসার জন্য মুমিন রোজাদারদের প্রতি আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।












