নগরীর বাকলিয়া থানাধীন চাক্তাই এলাকায় ব্যাংকে জমা দেওয়ার কথা বলে মালিকের সাড়ে ২৪ লাখ টাকা আত্মসাৎ করে পালিয়ে যাওয়া কর্মচারী মো. আলীকে (৪৪) খুলনা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার খুলনা মহানগরের সোনাডাঙা থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আলীর বাড়ি আনোয়ারা উপজেলার তৈলারদ্বীপ বারখাইন ইউনিয়নে। তিনি নগরীর বাকলিয়া থানাধীন চাক্তাই ছোবন সওদাগর রোডের ‘মদিনা স্টোর’ এ কর্মচারী হিসেবে কাজ করতেন। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান।
তিনি বলেন, তদন্তকারী কর্মকর্তা ও চাক্তাই ফাঁড়ির ইনচার্জ এসআই মোবারক হোসেন তথ্যপ্রযুক্তির সহায়তায় আলীর অবস্থান শনাক্ত করেন। নিশ্চিত হওয়া যায়, তিনি খুলনায় অবস্থান করছেন। পরে খুলনা মহানগরের সোনাডাঙা থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে আত্মসাৎ করা কিছু টাকা জব্দ করা হয়েছে। তাকে খুলনা থেকে চট্টগ্রামে আসা হচ্ছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, বাদী মো. মোরশেদ কামাল (৪২) পেশায় ব্যবসায়ী। চাক্তাইয়ের ছোবন সওদাগর রোডে তার ‘মদিনা স্টোর’ নামে একটি দোকান রয়েছে। মো. আলী গত ৭–৮ বছর ধরে সেখানে কাজ করতেন। ব্যবসায়িক প্রয়োজনে নিয়মিত ব্যাংক লেনদেনের দায়িত্বও তার ওপর ছিল। গত ২৩ ফেব্রুয়ারি দুপুর আড়াইটার দিকে ইসলামী ব্যাংক চাক্তাই শাখার হিসাব থেকে ২৪ লাখ ৫০ হাজার টাকা উত্তোলনের জন্য একটি চেক আলীর কাছে দেওয়া হয়। তার সঙ্গে ছিলেন বাদীর বড় ভাই জসিম উদ্দিন। উত্তোলিত অর্থ কৃষি ব্যাংক চাক্তাই শাখায় জমা দেওয়ার কথা ছিল।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, ব্যাংকে গিয়ে মো. আলী, জসিম উদ্দিনকে কৃষি ব্যাংকে আগে যেতে বলেন এবং নিজে টাকা নিয়ে আসার কথা জানান। কিন্তু পরে তিনি আর সেখানে যাননি। তার মুঠোফোনও বন্ধ পাওয়া যায়। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর সন্ধান না পেয়ে গত ২৫ ফেব্রুয়ারি বাকলিয়া থানায় মামলা করেন মদিনা স্টোরের মালিক মোরশেদ কামাল।












