মালদ্বীপে সাদা পোশাকেও থাকতে পারবে না ভারতীয় সেনা : মুইজ্জু

| বুধবার , ৬ মার্চ, ২০২৪ at ৯:২৬ পূর্বাহ্ণ

ভারতের বিরুদ্ধে আরেক দফা কড়া বার্তা দিলেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। জানিয়ে দিলেন, আগামী ১০ মে’র পর উর্দিতে কোনও ভারতীয় সেনা কর্মকর্তা, এমনকী বেসামরিক নাগরিকের পরিচিতিতে সাদা পোশাক পরা একজন ভারতীয় সেনাও মালদ্বীপে থাকতে পারবে না। মঙ্গলবার মালদ্বীপের গণমাধ্যমে একথা জানানো হয়েছে। ভারতের গণমাধ্যম এনডিটিভি জানায়, মালদ্বীপের তিনটি বিমানবন্দরের মধ্যে একটির দায়িত্ব নিতে ভারতীয় একটি বেসামরিক দল দ্বীপরাষ্ট্রটিতে পৌঁছানোর পর এক সপ্তাহ না পেরোতেই প্রেসিডেন্ট মুইজ্জু এমন বার্তা দিলেন। এর আগে ১০ মার্চ সময়সীমার মধ্যে ভারতীয় সেনা কর্মকর্তাদের প্রত্যাহারের বিষয়ে দুই দেশই একমত হয়েছে। খবর বিডিনিউজের। সেই সময়সীমা পেরোনোর আগেই মুইজ্জুর নতুন বার্তা এল। এডিশন ডট এমভি নিউজ পোর্টালের খবরে বলা হয়েছে, মালদ্বীপের বা অ্যাটল দ্বীপ সফরকালে প্রেসিডেন্ট মুইজ্জু বলেছেন, ভারতীয় সেনাদের বিতাড়িত করতে সরকার সফল। আর সেকারণেই ভুয়া গুজব যারা ছড়ায়, তারা পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে। তারা রটানোর চেষ্টা করছে যে, ভারতীয় সেনারা চলে যাচ্ছে না, তারা উর্দি পাল্টে বেসামরিক পোশাকে ফিরে আসছে। এমন ধারণাকে প্রশ্রয় দেওয়া উচিত নয়, যা আমাদের মনে সন্দেহ জাগায় এবং মিথ্যা ছড়ায়। ১০ মে’র পর মালদ্বীপে একজনও ভারতীয় সেনা থাকবে না। উর্দিতে কিংবা সাদা পোশাকে, কোনওভাবেই নয়। একথা আমি আস্থার সঙ্গেই বলছি, বলেন মুইজ্জু। গত ২ ফেব্রুয়ারি ভারতের রাজধানী দিল্লিতে দু’পক্ষের মধ্যে একটি উচ্চপর্যায়ের বৈঠকের পর মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রণালয় বলেছিল, ভারত ১০ মে’র মধ্যে মালদ্বীপে তিনটি বিমানবন্দরে থাকা ভারতীয় সেনাদের স্থানান্তর করবে এবং প্রক্রিয়ার প্রথম ধাপ ১০ মার্চের মধ্যে সম্পন্ন হবে।

পূর্ববর্তী নিবন্ধবিনামূল্যে বোমা নয়, জেলেনস্কিকে জানিয়ে দিল ইইউ
পরবর্তী নিবন্ধ৪৩ ঘণ্টায়ও নেভেনি চিনিকলের আগুন