মালদ্বীপে গ্যাসের আগুনে ৫ বাংলাদেশি নিহত, আহত ২

| শনিবার , ১৪ মার্চ, ২০২৬ at ৯:৪২ পূর্বাহ্ণ

 

মালদ্বীপের দিঘুরা দ্বীপে গ্যাসের আগুনে পাঁচ বাংলাদেশি নিহত এবং আরও দুজন আহত হয়েছে। গতকাল শুক্রবার ভোরে একটি কোম্পানির লেবার কোয়ার্টারে এ হতাহতের ঘটনা ঘটে বলে সেখানকার বাংলাদেশ হাই কমিশনের শ্রম কাউন্সেলর সোহেল পারভেজ জানিয়েছেন। নিহতরা হলেনতাজ উদ্দিন ইসলাম, সদর আলী, রবিন মোল্লা, সফিকুল ইসলাম ও নূরনবী সরকার। চিকিৎসাধীন দুই বাংলাদেশি হলেনজামাল উদ্দিন ও সাদ্দাম হোসেন। নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে ২৫ বছর বয়সী তাজ উদ্দিন ইসলামের বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলায়। খবর বিডিনিউজের।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সংবাদমাধ্যমের বর্ণনা অনুযায়ী, সেহেরি রান্না করতে গিয়ে গ্যাসের আগুনে কোয়ার্টারের সাত বাংলাদেশি দগ্ধ হন। দ্রুত তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে পাঁচজনের মৃত্যু হয়। গুরুতর আহত অপর দুই বাংলাদেশিকে রাজধানী মালেতে স্থানান্তর করা হয়েছে। ওই কোয়ার্টারে থাকা মোট ৩৮ বাংলাদেশির মধ্যে বাকিরা ঘটনার সময় অন্য কক্ষে ঘুমিয়ে ছিলেন।

শ্রম কাউন্সিলর সোহেল পারভেজ বলেন, আহত দুজনের মধ্যে একজনকে আইসিইউতে এবং অপরজনকে ইমার্জেন্সি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনাস্থলে খোঁজখবর নিতে বর্তমানে হাই কমিশনের একটি প্রতিনিধি দল ওই দ্বীপে অবস্থান করছেন। নিহতদের মরদেহ দ্রুত দেশে পাঠানোর উদ্যোগ নেওয়ারও কথা জানান তিনি। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছে স্থানীয় কর্তৃপক্ষ।

দিঘুরা দ্বীপ কাউন্সিলের প্রেসিডেন্ট ইব্রাহিম উসমান স্থানীয় সংবাদমাধ্যমকে বলেছেন, আগুন লাগার সময় কিছু বাসিন্দা ঘুমিয়ে ছিলেন। এখন পর্যন্ত ধারণা করা হচ্ছে, রান্নার সময় গ্যাস লিক হওয়ার কারণে এই ঘটনা ঘটতে পারে। তবে পুলিশের তদন্তের পর প্রকৃত কারণ নিশ্চিত করা হবে।

পূর্ববর্তী নিবন্ধশাহ আমানতে চারটি ফ্লাইট বাতিল
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম বন্দরে আসে সমরাস্ত্রবাহী জাহাজ