মামলার ৬৭ নম্বর আসামিকে আটক করে ছেড়ে দিলেন শিক্ষার্থীরা

চবি শিক্ষার্থী-গ্রামবাসী সংঘর্ষ

চবি প্রতিনিধি | বৃহস্পতিবার , ১২ মার্চ, ২০২৬ at ১২:১২ অপরাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলার ৬৭ নম্বর আসামি জাকির হোসেনকে আটক করার পর মানবিক বিবেচনায় ছেড়ে দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

গত মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে ওই আসামিকে আটক করেন শিক্ষার্থীরা।

জানা গেছে, আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত জাকির হোসেনকে মাগরিব নামাজের পর শাহী কলোনী মসজিদের পাশ থেকে আটক করে বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী। পরে বিষয়টি বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়িতে জানানো হয়। এসময় সে অসুস্থ হয়ে পড়লে তাকে চবি মেডিকেলে নেওয়া হয়। এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে এক শিক্ষার্থী বলেন, জাকির হোসেন একটি মামলার আসামি। সে শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত ছিল। তাকে আমরা ধরে পুলিশকে জানাই। পরে সে দীর্ঘ সময় ধরে পুলিশের সামনে অসুস্থতার ভান ধরে থাকে। এরপর তাকে চবি মেডিকেলে নেওয়া হয়। পরে চবি মেডিকেল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে মানবিক বিবেচনায় ছেড়ে দেওয়া হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের চিফ মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ আবু তৈয়ব বলেন, মঙ্গলবার রাত ৮টার দিকে কয়েকজন শিক্ষার্থী জাকির হোসেন নামের এক ব্যক্তিকে মেডিকেলে নিয়ে আসে। অতিরিক্ত ভয়ের কারণে তার প্রেশার বেড়ে যায়। মূলত সে আগে থেকেই প্রেশারের রোগী। পরে তার শারীরিক অবস্থা উন্নতির জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তার শরীরে বড় কোনো আঘাত বা মারধরের চিহ্ন ছিল না।

প্রসঙ্গত, গত বছরের ৩০ ও ৩১ আগস্ট একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে স্থানীয় গ্রামবাসী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুইদিন ধরে চলা এই সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের প্রায় ১৫০০ শিক্ষার্থী আহত হন। এরমধ্যে গুরুতর আহত হন শতাধিক। পরে এ ঘটনায় গত বছরের ২ সেপ্টেম্বর একটি মামলা দায়ের করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ওই মামলার ৬৭তম আসামি জাকির হোসেন।

পূর্ববর্তী নিবন্ধনগরে এস ড্রাইভ অভিযানে গ্রেপ্তার ৪২, ইয়াবা উদ্ধার
পরবর্তী নিবন্ধআইআইইউসিতে অত্যাধুনিক ‘ম্যাক মিনি’ কম্পিউটার ল্যাব উদ্বোধন