মানিকছড়িতে পাহাড় কাটায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ ডিসির

খাগড়াছড়ি প্রতিনিধি | শুক্রবার , ১০ এপ্রিল, ২০২৬ at ৭:৩৪ পূর্বাহ্ণ

খাগড়াছড়ির মানিকছড়িতে অবৈধভাবে পাহাড় কাটার সংবাদ প্রকাশ ও অভিযানের পর সরেজমিনে পরিদর্শন করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত ও পুলিশ সুপার মো. মোরতোজা আলী খাঁন। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার যোগ্যাছোলা ইউনিয়নের খাড়িছড়ার মাস্টারপাড়া এলাকায় পরিদর্শন শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানান জেলা প্রশাসক। তিনি আরো বলেন, পাহাড় কাটার অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ইতিমধ্যে পরিবেশ সংরক্ষণ আইনে মামলাও হয়েছে। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মানিকছড়ি উপজেলা দুর্গম খাড়িছড়া এলাকাসহ বিভিন্ন এলাকায় অবৈধভাবে পাহাড় কেটে আসছে কয়েকটি চক্র। তাদের বিরুদ্ধে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে। এধরনের অপরাধের সাথে যারাই ভবিষ্যতে জড়িত হবে, তাদের বিরুদ্ধেই প্রশাসন কঠোর ব্যবস্থা নেয়া হবে। এদিকে বৃহস্পতিবার সকালে পাহাড় কাটার অভিযোগে অভিযুক্ত মনির হোসেনের বিরুদ্ধে পরিবেশ আইনে মামলা দায়ের করেছেন খাগড়াছড়ি পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান আহাম্মদ।

পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আফরোজ ভুঁইয়া, সহকারি কমিশনার (ভূমি) খাদিজা তাহিরা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ পারভেজসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এর আগে গত ৫ এপ্রিল উপজেলার যোগ্যাছোলা ইউনিয়নের খাড়িছড়া এলাকায় বিশাল ৪টি পাহাড় কাটার খবরে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।

পূর্ববর্তী নিবন্ধবন্ধুর সঙ্গে গিয়েছিলেন পতেঙ্গা, সামিয়া ফিরলেন লাশ হয়ে
পরবর্তী নিবন্ধহাদি হত্যার প্রধান সন্দেহভাজন ফয়সালের অস্ত্র মামলায় সাজা