খাগড়াছড়ির মানিকছড়িতে তিন বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মো. সাব্বির নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে সিন্দুকছড়ি জোনের আওতাধীন মানিকছড়ি আর্মি ক্যাম্পের একটি দল উপজেলা সদরের গুচ্ছগ্রাম (জিয়ানগর) এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৯ এপ্রিল বিকেলে তিন বছর বয়সী এক শিশু প্রতিবেশী ইদ্রিস মিয়ার ছেলে সাব্বিরের বাড়ির উঠানে খেলতে যায়। এ সময় সাব্বির কেক দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুটিকে নিজ ঘরে নিয়ে যায় এবং ভিডিও গেম দেখানোর ছলে ধর্ষণের চেষ্টা করে। শিশুটির চিৎকারে ঘটনাটি জানাজানি হলে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয় এবং অভিযুক্ত সাব্বির এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়।
ঘটনার পর থেকেই অভিযুক্তকে ধরতে গোয়েন্দা তৎপরতা শুরু করে মানিকছড়ি আর্মি ক্যাম্পের একটি বিশেষ টহল দল। গতকাল দুপুর দেড়টার দিকে জিয়ানগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় সেনাবাহিনী। গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে সাব্বিরকে মানিকছড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
মানিকছড়ি থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুদ পারভেজ বলেন, শিশুটির বাবা মানিকছড়ি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।














