নগরীর কারিতাস ট্রেনিং সেন্টারে গত ১৭ জুন ড্যানচার্চএইড’এর সহযোগিতায় এবং উৎস কর্তৃক বাস্তবায়িত ‘প্রমোটিং এডুকেশনাল রাইটস অব পারসন্স উইথ ডিজেবিলিটিস’ প্রকল্পের আওতায় থিয়েটার থেরাপিস্ট পেয়ারস সদস্যদের থিয়েটার থেরাপির প্রয়োগ বিষয়ক দুই দিনব্যাপী রিফ্রেসার্স প্রশিক্ষণ শেষে এক সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ করা হয়েছে। উৎস এর সভাপতি শিক্ষাবিদ কাজী মোস্তাইন বিল্লাহ’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী শাহীন আক্তার। আরও উপস্থিত ছিলেন উৎস এর নির্বাহী পরিচালক মোস্তফা কামাল যাত্রা, মোহাম্মদ শাহ আলম প্রমুখ। ড্যানচার্চএইড’এর সহযোগিতায় উৎস কর্তৃক বাস্তবায়িত চট্টগ্রাম নগরীতে চলমান প্রকল্পের কর্মসূচি হিসেবে আয়োজিত এই রিফ্রেসার্স ট্রেনিংয়ে অংশগ্রহণকারী ২০ জন থিয়েটার থেরাপিস্ট প্রতিবন্ধী শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় থিয়েটার থেরাপি সেশন শেষে সমাপনী এ অনুষ্ঠানে প্রকল্পের প্রোগ্রাম অফিসার সাফিয়া বেগমের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রকল্পের সমন্বয়কারী বিভাস কুমার। প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানের বিশেষ অতিথি কাজী শাহীন আক্তার প্রতিবন্ধী শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় এ জাতীয় প্রশিক্ষণের গুরুত্ব এবং যৌক্তিকতা তুলে ধরতে গিয়ে বলেন, মানসিক স্বাস্থ্যসেবা কর্মীদের মনোস্বাস্থ্য সুরক্ষার বিষয়কে গুরুত্ব দিয়ে কর্মপরিকল্পনা করা প্রয়োজন। সমাপনী অনুষ্ঠানের আলোচনা শেষে প্রশিক্ষণার্থী ২০ জন থিয়েটার থেরাপিস্ট প্রতিবন্ধী শিক্ষার্থীকে সনদ প্রদান করা হয়।












