মানসম্মত ও মানবিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করব

জেনারেল হাসপাতাল পরিদর্শনে এমপি সুফিয়ান

| বুধবার , ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ at ১১:১১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন, স্বাস্থ্যসেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে বিএনপি অঙ্গীকারাবদ্ধ। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্বাস্থ্যক্ষেত্রে জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছেনতা বাস্তবায়নে আমরা কাজ করতে চাই। স্বাস্থ্য খাতের উন্নয়নে বিএনপির নানামুখী কর্মপরিকল্পনা রয়েছে। যার মধ্যে আছেএক বছরে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ। যেখানে ৮০ শতাংশ হবে নারী স্বাস্থ্যকর্মী। নগরবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ও স্বাস্থ্যসেবার মান উন্নয়নে আমি আমার অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করব।

গতকাল বেলা ১১টায় চিকিৎসাসেবার মান উন্নয়ন ও তদারকি নিশ্চিত করতে চট্টগ্রাম জেনারেল হাসপাতাল পরিদর্শনকালে হাসপাতাল পরিচালনা পর্ষদের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিশিষ্ট ব্যবসায়ী ও দানবীর এনামুল হক ভূইয়া ইকবাল নিজ উদ্যোগে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিউতে তিনটি ডায়ালাইসিস মেশিন প্রদানে আগ্রহ প্রকাশ করেছেন। এই তিনটি মেশিন স্থাপন করা গেলে কিডনী রোগীরা ডায়ালাইসিস সেবা পাবেন এবং হাসপাতালের সক্ষমতা বাড়বে।

আবু সুফিয়ান বলেন, চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল। আমরা হাসপাতালের আসন সংখ্যা বাড়াতে চাই না। ২৫০ শয্যার মানুষের চিকিৎসাসেবা যেন সঠিক ও পরিপূর্ণভাবে নিশ্চিত হয় সে লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো। জেনারেল হাসপাতালকে মেডিকেল কলেজ হাসপাতালে রূপান্তর, হাসপাতালের প্রয়োজনীয় জনবল বৃদ্ধি, জরাজীর্ণ ভবন সংস্কার, নতুন অবকাঠামো নিমার্ণ ও প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের বিষয়ে আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর সঙ্গে যোগাযোগ করে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবো। তিনি বলেন, শরীর সুস্থ থাকলে মানুষ ভালো থাকে। মানুষ ভালো থাকলে দেশ ভালো থাকবে। তাই সাধারণ মানুষের জন্য মানসম্মত ও মানবিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আমাদের সবাইকে আন্তরিকভাবে দায়িত্ব পালন করতে হবে।

হাসপাতালের চিকিৎসার মান এবং পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা, সেবার মান ও পরিষ্কারপরিচ্ছন্ন পরিবেশ দেখে আমি অত্যন্ত আনন্দিত। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে এই ধরনের সুন্দর পরিবেশে স্বাস্থ্য সেবা নিশ্চিত করা অকল্পনীয় বিষয়। আমি চিকিৎসা সেবায় নিয়োজিত ডাক্তারনার্স ও কর্মকর্তাকর্মচারীসহ সকলকে ধন্যবাদ জানাচ্ছি। একজন জনপ্রতিনিধি এবং জনগণের অংশ হিসেবে প্রত্যাশা করি এই সেবার মান যেন আরোও উত্তরোত্তর বৃদ্ধি পায়।

এ সময় তিনি হাসপাতালের পরিচালনা পর্ষদকে সাথে নিয়ে আইসিউতে ডায়ালাইসিস সেবা স্থাপনের সম্ভাব্যতা যাচাই পরিদর্শন করেন। হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, আউটডোর, ইনডোর ও জরুরি বিভাগ ঘুরে দেখেন এবং সুযোগসুবিধা পর্যবেক্ষণ করেন। হাসপাতালের চিকিৎসা সেবার মান সম্পর্কে জানতে তিনি চিকিৎসাধীন রোগী ও রোগীর স্বজনদের সাথে কথা বলেন। পাশাপাশি কর্তব্যরত চিকিৎসক, নার্স ও কর্মচারীদের সাথে কথা বলে স্বাস্থ্য ব্যবস্থার সার্বিক খোঁজখবর নেন। সভায় হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. একরাম হোসেন হাসপাতালের ইতিহাস ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে ডকুমেন্টরি উপস্থাপন করেন।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. একরাম হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শেখ ফজলে রাব্বি, সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম, ড্যাবের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ডা. বেলায়েত হোসেন ঢালী, সাধারণ সম্পাদক ডা. ইফতেখারুল ইসলাম, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ডা. সরোয়ার আলম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসন্দ্বীপ প্রেসক্লাবের ইফতার মাহফিল
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে গ্যাস বিস্ফোরণ: নিহত বেড়ে ৫