সিটি কর্পোরেশনের চলমান অবকাঠামো উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে নগরীর দুটি গুরুত্বপূর্ণ সড়ক উদ্বোধন করেছেন মেয়র ডা. শাহাদাত হোসেন। এ সময় তিনি বলেন, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে গুণগত মান নিশ্চিতের ক্ষেত্রে কোনো আপস করা হবে না। গত
রোববার সকালে ১০নং উত্তর কাট্টলী ওয়ার্ডের সাগরিকা রোড এবং ১২নং সরাইপাড়া ওয়ার্ডের মেয়র সড়কের সংস্কার ও উন্নয়ন কাজের পৃথক অনুষ্ঠানে ফলক উন্মোচনের মাধ্যমে তিনি সড়ক দুটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। উদ্বোধনী বক্তব্যে মেয়র বলেন, চট্টগ্রামকে একটি উন্নত ও আধুনিক মেগাসিটি হিসেবে গড়ে তোলার যে অঙ্গীকার আমরা করেছিলাম, আজকের এই উদ্বোধন তারই ধারাবাহিকতা।
বিশেষ করে সাগরিকা রোডটি ব্যবসা–বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি সচল হওয়ার ফলে পরিবহন ব্যয় কমবে এবং মানুষের ভোগান্তি দূর হবে। মেয়র বলেন, সাগরিকা শিল্প এলাকা বন্দরনগরীর অর্থনৈতিক কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। এই সড়কসমূহ সচল থাকলে শিল্পকারখানা, গুদাম ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম আরও গতিশীল হবে। পরবর্তীতে মেয়র ১২নং সরাইপাড়া ওয়ার্ডস্থ মাওলানা এহসান আলী বাইলেন, মুক্তিযোদ্ধা জমিলা বাইলেন, হালিশহর রোড বাইলেন, মেয়র সড়কের ড্রেনসহ উন্নয়ন, মুচি কলোনি রোড, ১নং পানির কল থেকে আল–আমিন হোটেল পর্যন্ত সড়কের ড্রেনসহ উন্নয়ন এবং কালামিয়া কন্ট্রাক্টর রোড বাইলেনের উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন। ৯ কোটি ৭২ লক্ষ ৭৩ হাজার ৫২৬ টাকা ব্যয়ে বাস্তবায়িত এ প্রকল্পের আওতায় মেয়র সড়ক এলাকায় ১.১০ কিলোমিটার দৈর্ঘ্যের সড়ক নির্মাণ করা হয়েছে। একই সঙ্গে ১.১০ কিলোমিটার দৈর্ঘ্যের স্ল্যাবসহ ড্রেন এবং ১ কিলোমিটার দৈর্ঘ্যের টাইলসসহ ফুটপাত নির্মাণ সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে চসিকের প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনজুরুল আলম চৌধুরী, মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি, পাহাড়তলী থানা বিএনপির সাবেক সভাপতি হাজী বাবুল হক প্রমুখ উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে মেয়র স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন। পাশাপাশি নগরীর বাকি অসমাপ্ত সড়কগুলোর কাজ দ্রুত শেষ করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেন। প্রেস বিজ্ঞপ্তি।












