আনোয়ারায় নয় বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় তার বাড়িতে হামলা ও দোকান ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মোহাম্মদ রোকন (২৩) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল রোববার দুপুরে উপজেলার হেটিখাইন এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ভুক্তভোগী শিশুটি বাড়ির পাশের একটি দোকানে ঝাল নাস্তা কিনতে যায়। এ সময় সেখানে অবস্থানরত কয়েকজন যুবক তাকে উদ্দেশ্য করে অশ্লীল মন্তব্য ও অশোভন অঙ্গভঙ্গি করে।
বিষয়টি জানতে পেরে শিশুটির চাচা মোহাম্মদ রুবেল অভিযুক্ত যুবকদের আচরণের প্রতিবাদ করেন। এর জেরে পরে কয়েকজন সংঘবদ্ধ হয়ে শিশুটির বাড়িতে হামলা চালায় এবং মোহাম্মদ রুবেলের দোকান ভাঙচুর করে। খবর পেয়ে আনোয়ারা থানা–পুলিশ ঘটনাস্থলে গিয়ে মোহাম্মদ রোকন নামে ওই যুবককে আটক করে ।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জুনায়েত চৌধুরী জানান, অভিযুক্তরা এক শিশু শিক্ষার্থীকে উদ্দেশ্য করে অশোভন আচরণ করে। এ ঘটনার প্রতিবাদ করায় পরে ভুক্তভোগীর বসত বাড়িতে হামলা করে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। পুলিশ মোহাম্মদ রোকন (২৩) নামে অভিযুক্ত যুবককে আটক করেছে।












