মাদারবাড়ীতে ২ হাজার পরিবারের মাঝে ঈদসামগ্রী বিতরণ

| বৃহস্পতিবার , ১৯ মার্চ, ২০২৬ at ১০:৩৭ পূর্বাহ্ণ

নগরীর মাদারবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সদরঘাট থানা বিএনপির পক্ষ থেকে দুই হাজার অসহায় পরিবারের মাঝে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে সদরঘাট থানাধীন পশ্চিম মাদারবাড়ী পোর্ট সিটি বালুর মাঠে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়। চট্টগ্রাম সিটি করপোরেশনের ২৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের মাঝে এই সহায়তা প্রদান করা হয়।

সদরঘাট থানা বিএনপির সাবেক সভাপতি সালাহউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ইসরাফিল খসরু। বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জয়নাল আবেদীন জিয়া।

প্রধান অতিথির বক্তব্যে ইসরাফিল খসরু বলেন, মানুষের উন্নয়নে আমাদের অনেক পরিকল্পনা রয়েছে। আমরা সবসময় সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যেতে চাই। বর্তমান সরকারের প্রতিটি পদক্ষেপই জনগণের কল্যাণমুখী।

সভাপতির বক্তব্যে হাজী মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, প্রতিবছরই আমি সাধ্যমতো মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে একবার মানুষকে সহযোগিতা করতে গিয়ে আমাকে গ্রেপ্তার করা হয়েছিল। হামলামামলা ও জেল জুলুম সহ্য করেও আমরা বিএনপির নেতাকর্মীরা মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। তিনি ভবিষ্যতে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখতে এলাকাবাসীর দোয়া কামনা করেন। সদরঘাট থানা বিএনপি নেতা আজম খাঁনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগর জাসাসের সভাপতি লায়ন এম এ মুছা বাবলু, মোহাম্মদ আলী, মোহাম্মদ নাসির, জাহেদুল ইসলাম, জাহিদুল ইসলাম, মোস্তাফিজুর রহমান মোস্তাক, মোহাম্মদ শাহজাহান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম কালচার ক্লাবের ইফতার মাহফিল
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়াকে মডেল উপজেলা হিসেবে গড়তে চান এমপি হুমাম কাদের