মাদক মামলায় দুজনের সাত বছর কারাদণ্ড

আজাদী প্রতিবেদন | বুধবার , ৬ সেপ্টেম্বর, ২০২৩ at ৫:৩২ পূর্বাহ্ণ

নগরীর হালিশহরের ছোটপুল এলাকা থেকে ৩৭৫ বোতল ফেনসিডিল উদ্ধারের মামলায় দুজনকে সাত বছরের কারাদণ্ড, ১০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন রেজাউল করিম ও মো. গিয়াস উদ্দীন। এর মধ্যে রেজাউল করিম কাঠগড়ায় হাজির ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়। অপর আসামি গিয়াস উদ্দিন পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়েছে।

গতকাল চট্টগ্রামের প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. কামাল হোসেন সিকদার এই রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী কানু রাম শর্মা আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, বিচার প্রক্রিয়ায় ১১ জনের সাক্ষ্য নিয়েছেন আদালত।

আদালত সূত্র জানায়, ২০০৮ সালের ২৮ জুলাই হালিশহর থানার ছোটপুলের মুন্সী পাড়া থেকে মাইক্রোবাস চালক মো. গিয়াস উদ্দীনকে ৩৭৫ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করে র‌্যাব। এ ঘটনায় র‌্যাব৭ এর তৎকালীন উপপরিদর্শক (এসআই) মো. এনামুল হক বাদী হয়ে হালিশহর থানায় মামলা করেন।

পূর্ববর্তী নিবন্ধভুলে সিএনজিতে ফেলে যায় ১ লাখ ৯০ হাজার টাকা
পরবর্তী নিবন্ধসিআইইউতে শুরু হল রিসার্চ সেমিনার