মাদকরোধে এগিয়ে আসুন

| রবিবার , ১ ফেব্রুয়ারি, ২০২৬ at ৫:৪১ পূর্বাহ্ণ

মাদক কেবল ব্যক্তির জীবনই নয়, পুরো সমাজের ভবিষ্যৎ ধ্বংস করছে। আমাদের চারপাশে প্রতিদিন এমন খবর শোনা যায় একটি পরিবার মাদকাসক্তের কারণে টুটছে, মা সন্তান হারাচ্ছে, স্ত্রী স্বামীকে, সন্তান বাবাকে। মাদকের প্রভাবে অল্প বয়সে শিক্ষার সুযোগ হারানো, চরিত্র বিকৃত হওয়া এবং পারিবারিক সম্পর্কের অবনতি ঘটছে। এটি শুধু ব্যক্তিগত ক্ষতি নয়, সামাজিক অশান্তির এক বড় কারণও বটে।

মাদকাসক্ত মানুষের চিন্তা ও বিবেচনার ক্ষমতা নষ্ট হয়। তারা ঘরবাড়ি, পারিবারিক সম্পর্ক, আশেপাশের মানুষের শান্তি, এমনকি নিজের জীবনকেও বিপদের মুখে ফেলে। অনেক সময় তারা বয়স্ক মানুষকে সম্মান দেয় না, হিতাহিত জ্ঞান হারায়, কখনও কখনও মারাত্মক অপরাধেও লিপ্ত হয়। ফলে সমাজে ভয় ও অশান্তি ছড়িয়ে পড়ে।

আমরা সমস্যার কথা শুধু বলে থেমে থাকতে পারি না। সমাধানের জন্য বাস্তবমুখী পদক্ষেপ দরকার। সরকার ও রাষ্ট্রের প্রতি আবেদন মাদক ব্যবসা ও সেবনের উপর কঠোর নজরদারি এবং নেশাগ্রস্তদের পুনর্বাসনের জন্য পূর্ণাঙ্গ কাউন্সেলিং, রিহ্যাব ও চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করতে হবে। বিশেষ করে গরিব ও অর্থনৈতিকভাবে দুর্বল পরিবার যেন এই সেবার সুযোগ থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

আমরা যদি সবাই সচেতন হই, পরিবার ও সমাজে দায়িত্বশীল ভূমিকা পালন করি, তবে মাদকমুক্ত সমাজ কেবল স্বপ্ন নয় বাস্তবতাও হতে পারে। মাদকবিরোধী সচেতনতা ও সহযোগিতার মাধ্যমে আমরা আমাদের ভবিষ্যতকে রক্ষা করতে পারি।

সাজেদা আক্তার (সাজু)

শিক্ষার্থী,

ফেনী সরকারি কলেজ।

পূর্ববর্তী নিবন্ধযতীন্দ্রমোহন বাগচী : রবীন্দ্রযুগের অন্যতম কবি
পরবর্তী নিবন্ধসমাজে সঠিক মানুষের মূল্যায়ন জরুরি