চট্টগ্রাম সংস্কৃতি কেন্দ্র প্রকাশিত লিটল ম্যাগাজিন নোঙর’র আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও কবি আল মাহমুদের মৃত্যুবার্ষিকীর স্মরণানুষ্ঠান গতকাল শুক্রবার বিকেল ৩টায় পাঁচলাইশস্থ মাটি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ‘একুশের অর্জন ও বর্তমান প্রাসঙ্গিকতা’ বিষয়ে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন বান্দরবান বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ মুহিবউল্যাহ ছিদ্দিকী। তিনি বলেন, আমাদের জাতিসত্তার বিকাশ ও বাংলাদেশ রাষ্ট্রের সমৃদ্ধির পথে মহান একুশের অর্জন ও কবি আল মাহমুদের লেখনি পথনির্দেশ হয়ে থাকবে অনাদিকাল।
নোঙর প্রকাশক আমীরুল ইসলামের সভাপতিত্বে ও শামস সাইমুমের পরিচালনায় আয়োজনে সূচনা বক্তব্য রাখেন নোঙর সম্পাদক আবু সাঈদ হান্নান।
‘আল মাহমুদ ভাষ্যে একুশ’ বিষয়ে আলোচনা করেন কবি ও শিক্ষক মাঈন উদ্দিন জাহেদ। সম্পূরক আলোচনায় অংশ নেন কবি ও চিত্রী মউদুদুল আলম, শিল্পী ও কবি মোহাম্মদ তোয়াহা, ছড়াকার মিজানুর রহমান শামীম, গবেষক জাকারিয়া হাবিব, শিল্পী আজিজুল হক, কবি খোরশেদ মুকুল, কবি রাজা রাকিব, কবি কপিল উদ্দিন দুলাল, শিল্পী আব্দুল্লাহ, আবৃত্তিকার রাশেদ মুহাম্মদ, লেখক আমীর মুহাম্মদ খসরু, সমাজ সংগঠক মোহাম্মদ কামাল উদ্দিন ও আব্দুল হক, শিল্পী মোস্তফা মুরাদ ও আশফাক খালেদ, গল্পকার নিজাম উদ্দিন, অভিনেতা মুহাম্মদ এমরান, শিল্পী রাকিন ও তাফহীমুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, একুশের ইতিহাসকে বিকৃতির অতল গহ্বর থেকে উদ্ধার করে নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস ও দায় সম্পর্কে সচেতন করতে হবে। এছাড়া কবি আল মাহমুদ, কবি ফররুখ আহমদসহ একুশের অর্জনে সকল লেখক সাহিত্যিক বুদ্ধিজীবীর অর্জন ও দায়কে যথাযথভাবে উপস্থাপন ও সংরক্ষণ করতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।












