আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী বলেছেন, মাতৃভাষা কেবল যোগাযোগের উপায় নয়; এটি আমাদের জাতিসত্তা, সংস্কৃতি ও আত্মমর্যাদার ভিত্তি। ভাষার মধ্য দিয়েই একটি জাতি তার ইতিহাস, ঐতিহ্য ও মূল্যবোধকে ধারণ ও লালন করে। কিন্তু স্বাধীন দেশে বসবাস করেও উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে বাংলা ভাষা এখনো প্রত্যাশিত মর্যাদা পায়নি। অধিকাংশ পাঠ্যপুস্তক ও গবেষণাসামগ্রী ইংরেজিনির্ভর হওয়ায় শিক্ষার্থীরা মাতৃভাষায় জ্ঞানচর্চার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। উচ্চশিক্ষায় কার্যকর অবদান রাখতে পারে এমন মানসম্মত বাংলা অনুবাদ গ্রন্থের সংখ্যা অত্যন্ত সীমিত বলেও তিনি উল্লেখ করেন। বায়ান্নোর ভাষা আন্দোলনে আমাদের দেশপ্রেম চেতনার ভিত্তি রচিত হয়েছিল। এই দেশপ্রেম চেতনা অটুট থাকলে দেশ অনেক এগিয়ে যাবে।
গতকাল রোববার আইআইইউসির অমর একুশে কর্মসূচির আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী এসব কথা বলেন। আইআইইউসি’র ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মাদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের (বিওটি) সদস্য ও ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান অধ্যাপক আহসানউল্লাহ এবং বিওটি সদস্য অধ্যক্ষ মুহাম্মদ আমীরুজ্জামান। আলোচনা পর্বে অংশগ্রহণ করেন আইআইইউসি’র আইন অনুষদের ডীন প্রফেসর ড. মাইমুল আহসান খান, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর মুহাম্মদ সামসুল আলম এবং স্বাগতঃ বক্তব্য রাখেন স্টুডেন্ট এ্যাফেয়ার্স ডিভিশনের পরিচালক মোহাম্মদ মামুনুর রশীদ। শহীদদের স্মরণে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের খতিব প্রফেসর ড. শফিউল আলম ভূঁইয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্টুডেন্ট এ্যাফেয়ার্স ডিভিশনের উপ পরিচালক মাহফুজুল ইসলাম চৌধুরী। অনুষ্ঠানে আইআইইউসি’র অনুষদের ডিনগণ, বিভাগীয় চেয়ারম্যনগণ এবং শিক্ষক, কর্মকর্তা–কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।












