চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি সালাহউদ্দিন মোহাম্মদ রেজা বলেছেন, ৩৮ বছর পরম মমতায় বাংলা ভাষার শুদ্ধ উচ্চারণ চর্চা করা দেশপ্রেমের দারুণ দৃষ্টান্ত। মাতৃভাষার শুদ্ধ উচ্চারণ চর্চা মানে নিজস্ব সংস্কৃতিকেই লালন করা। আজ নববর্ষের প্রথম দিনে পহেলা বৈশাখে এই আয়োজন অত্যন্ত তাৎপর্য বহন করে।
গত শুক্রবার বিকেলে দৈনিক আজাদী মিলনায়তনে ক্বণন শুদ্ধতম আবৃত্তি অঙ্গন আয়োজিত ৭২তম আবৃত্তি কর্মশালার সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি সালাহউদ্দিন মোহাম্মদ রেজা এই অভিমত ব্যক্ত করেন।
ক্বণন সভাপতি মোসতাক খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাংবাদিক মো. মাহবুবুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন ক্বণনের সিনিয়র সদস্য আবৃত্তি শিল্পী ও লেখক সৌভিক চৌধুরী। ক্বণন সদস্য সুস্মিতা চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে কাজী নজরুল ইসলামের প্রার্থনা সংগীত পরিবেশন করে ক্বণন সদস্য ইব্রাহিম মাহমুদ। প্রধান অতিথি আরও বলেন, আবৃত্তি শিল্পকে জনপ্রিয় করার এবং মানুষের দ্বারপ্রান্তে নিয়ে যাবার তাগিদে ৩৮ বছর ধরে কাজ করে চলেছে ক্বণন। আবৃত্তিচর্চাকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার এই কাজ অবশ্যই সাধুবাদ পাবার যোগ্য। তাদের এই কর্মকাণ্ড শুধু শুদ্ধতম আবৃত্তির জন্য নয়, একটা শুদ্ধ সমাজ গড়ে তোলার ক্ষেত্রেও ভূমিকা রাখবে। আলোচনা শেষে প্রধান অতিথি কর্মশালায় সাফল্যের সাথে উত্তীর্ণদের মাঝে সনদ বিতরণ করেন। সনদ বিতরণ পর্ব শেষে ইফতারের আয়োজন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।











