মাতারবাড়ী বিদ্যুৎ প্রকল্পে ডাকাতদলের হানা, আনসারের গুলিতে নস্যাৎ

যৌথ অভিযানে আটক ১

মহেশখালী প্রতিনিধি | বুধবার , ৪ মার্চ, ২০২৬ at ১০:৩৫ পূর্বাহ্ণ

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নে অবস্থিত রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা কয়লা বিদ্যুৎ প্রকল্পে সশস্ত্র ডাকাতচক্রের একটি বড় ধরনের অনুপ্রবেশ প্রচেষ্টা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের সাহসী ও পেশাদার তৎপরতায় ব্যর্থ হয়েছে। এ ঘটনায় চক্রের এক সদস্যকে আটক করা হয়েছে।

আনসারভিডিপি সদর দপ্তর ও স্থানীয় নিরাপত্তা সূত্র জানায়, গত সোমবার ভোর আনুমানিক ৩টা ৫০ মিনিটে প্রকল্প এলাকার ‘মগডেইল পোস্ট’ এ দায়িত্বরত দুইজন সশস্ত্র আনসার সদস্য টহলকালে সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করেন। তাদের চ্যালেঞ্জ জানানো হলে প্রায় ২০২৫ জনের একটি সংঘবদ্ধ ডাকাতচক্র দেশীয় অস্ত্র রামদা, ছুরি, চাপাতি ও লাঠিসোঁটা নিয়ে আকস্মিকভাবে এগিয়ে আসে এবং নিরাপত্তা বেষ্টনী ভেদের চেষ্টা চালায়।

এই ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে আনসার সদস্যরা পিছু না হটে কৌশলগত অবস্থান নেন। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ অবকাঠামো ও নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে কর্তব্যরত আনসার সদস্য মো. আশিকুর রহমান তার শর্টগান থেকে ২ রাউন্ড রাবার কার্তুজ ফাঁকা গুলি ছোড়েন। এতে ডাকাতচক্রের সদস্যরা ছত্রভঙ্গ হয়ে বিভিন্ন দিকে পালিয়ে যায়।

ঘটনার খবর দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে নিকটবর্তী এলাকায় টহলরত নৌবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে আনসার সদস্যদের সঙ্গে সমন্বিত তল্লাশি ও ধাওয়া শুরু করে। যৌথ অভিযানের একপর্যায়ে শহিদুল্লাহ (৪০) নামে একজনকে আটক করা সম্ভব হয়। আটক শহিদুল্লাহ মাতারবাড়ী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মগডেইল গ্রামের আব্দুস শুক্কুরের পুত্র।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি ডাকাতচক্রের সঙ্গে সংশ্লিষ্ট থাকার তথ্য দিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়। পরবর্তীতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। অন্ধকার ও এলাকা সম্পর্কে পূর্বপরিচিতির সুযোগে চক্রের অন্যান্য সদস্যরা পালিয়ে গেলেও তাদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি ও অভিযান জোরদার করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে তরমুজ কেনা নিয়ে দ্বন্দ্বে দোকানে হামলা, আহত ২