মাতামুহুরীতে বালু উত্তোলনের গর্তে পড়ে দুই কিশোরীর মৃত্যু

চকরিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ১০ মার্চ, ২০২৬ at ৫:২১ পূর্বাহ্ণ

কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদীতে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলনের ফলে সৃষ্টি হওয়া গভীর গর্তের চোরাবালিতে তলিয়ে দুই কিশোরীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বিকেল তিনটার দিকে চকরিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের হালকাকারা মৌলভীর চর গ্রামসংলগ্ন বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় সঙ্গে থাকা আরও দুই কিশোরী সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়। নিহতরা হলো মৌলভীর চর গ্রামের জামাল উদ্দিনের মেয়ে মায়মুনা আক্তার (১৩) এবং আবদুর রহিমের মেয়ে ইফসা মণি (১১)

চকরিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সাইফুল ইসলাম জানান, সোমবার বিকেলে সমবয়সী কয়েকজন কিশোরী মাতামুহুরী নদীতে গোসল করতে যায়। এ সময় নদীর ঘাট থেকে একটু এগোতেই হঠাৎ গভীর গর্তে পড়ে গিয়ে তারা নদীগর্ভে তলিয়ে যায়। এর মধ্যে দুইজন সাঁতরে তীরে উঠতে পারলেও মায়মুনা ও ইফসা নিখোঁজ হয়। প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি জানান, খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে গিয়ে নদীতে নামেন। সেখানে বিশাল গর্ত ও চোরাবালির মতো অবস্থায় দুই কিশোরী তলিয়ে আছে বলে বুঝতে পারেন। পরে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

স্থানীয় কয়েকজন বাসিন্দা অভিযোগ করেছেন, গত এক মাসের বেশি সময় ধরে রাজনৈতিকভাবে প্রভাবশালী একটি মহল শক্তিশালী ড্রেজার বসিয়ে হালকাকারা মৌলভীর চর এলাকায় মাতামুহুরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। এতে নদীর তলদেশে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সেই গর্তে জমে থাকা চোরাবালিতেই আটকে গিয়ে দুই কিশোরীর মৃত্যু হয়েছে বলে তাদের অভিযোগ।

এ বিষয়ে চকরিয়া থানার অপারেশন অফিসার ফরিদ উদ্দিন বলেন, মাতামুহুরী নদীতে তলিয়ে দুই কিশোরীর মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধফুটপাতেও জমজমাট ঈদের বেচাকেনা
পরবর্তী নিবন্ধনগরীর বেশির ভাগ মার্কেট ও শপিং মলে আলোকসজ্জা