মাটির নিচে পানির ট্যাংকে ১০ হাজার লিটার জ্বালানি তেল মজুত

| রবিবার , ৮ মার্চ, ২০২৬ at ৮:৩৪ পূর্বাহ্ণ

নাটোরের সিংড়া উপজেলায় মাটির নিচে পানির ট্যাংকে অবৈধভাবে মজুত করা প্রায় ১০ হাজার লিটার জ্বালানি তেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় জড়িত এক ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তিন কনফেকশনারি ব্যবসায়ীকে আট হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

গতকাল দুপুরে পৌর শহরের নিংগইন ভাটোপাড়া এবং উপজেলার শেরকোল ও হাতিয়ান্দহ বাজারে এ অভিযান চালানো হয় বলে জানান সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত। তেল মজুতের দায়ে দণ্ড পাওয়া রুবেল হোসেন (৩৪) সিংড়া থানার মোড় এলাকার সততা ট্রেডার্সের মালিক। খবর বিডিনিউজের।

ইউএনও আব্দুল্লাহ আল রিফাত বলেন, দুপুরে ভাটোপাড়া এলাকার একটি বাঁশঝাড়ে মাটির নিচে পানির ট্যাংকিতে অবৈধভাবে জ্বালানি তেল মজুতের খবর পেয়ে অভিযান চালানো হয়। খোলা জায়গায় অবৈধভাবে ১০ হাজার লিটার জ্বালানি তেল সংরক্ষণের দায়ে ওই ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মজুত করা তেল আগামী দুই দিনের মধ্যে দোকানে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়। তিনি বলেন, অবৈধভাবে জ্বালানি তেল মজুতের অপরাধে এক ব্যক্তির জরিমানা এবং উপজেলার চারটি তেল পাম্প ও খুচরা তেল বিক্রেতাদের দোকানে দোকানে অভিযান পরিচালনা করে সতর্ক করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধআজিজ নগর বনবিভাগের বুক চিরে সড়ক নির্মাণ
পরবর্তী নিবন্ধহোটেল আগ্রাবাদে রাজকীয় ইফতার ব্যাংক কার্ডে বাই ওয়ান, গেট থ্রি চমক