মাটিরাঙায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খাগড়াছড়ি প্রতিনিধি | বুধবার , ২০ এপ্রিল, ২০২২ at ১০:২৪ পূর্বাহ্ণ

খাগড়াছড়ির মাটিরাঙার বড়নালে সিমেন্ট বোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মো. রাসেল মিয়া (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় খোকন বণিক (৪৫) নামে এক মোটরসাইকেলের অপর আরোহী আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার পৌনে ৬টার দিকে ডাকবাংলো মাদরাসার সামনে এ ঘটনা ঘটে। নিহত রাসেল মিয়া তবলছড়ি নতুন বাজার এলাকার মেরাজুল ইসলামের ছেলে। সে তবলছড়ি ইউনিয়নের ৭নং ওয়ার্ড যুবদলের সদস্য সচিব বলে জানা গেছে। বড়নাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ইলিয়াছ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জানা গেছে, ঘটনার দিন বিকালের দিকে মাটিরাঙার তবলছড়ি নতুনবাজার থেকে স্বর্ণ দোকানী খোকন বণিককে নিয়ে মাটিরাঙা সদরে আসছিলেন রাসেল। ডাকবাংলো মাদরাসার সামনে পৌঁছালে বিপরিত দিক থেকে আসা সিমেন্ট বোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মোটর সাইকেল চালক মো. রাসেল মিয়া নিহত হয়। উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

তবলছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মনির হোসেন বলেন, এ ঘটনায় সিমেন্ট বোঝাই ট্রাকটিকে পুলিশ জব্দ করেছে। কাউকে আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে পরবর্তী আইনী প্রক্রিয়া চলমান আছে বলেও জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধফুটপাতেও রমরমা ঈদবাজার
পরবর্তী নিবন্ধঈদের পরপরই চট্টগ্রামে চাঙা হবে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন